পাঁচ প্রশ্ন

নাদিয়া

কেমন যাচ্ছে আপনার সময়টা? আমার ক্যারিয়ারের পুরোটা সময়ই আমার জন্য পজেটিভ। কেননা আমি আগেও যেমন কাজ করেছি এখনও ঠিক তেমনই কাজ করে চলছি। উত্থান-পতন আমাকে খুব স্পর্শ করেনি। আমি বরাবরই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিই। সময়ই মানুষকে বলে দেয়, কোন দিকে যেতে হবে। আমি জীবনের একটি মুহূর্তকেও অযথা নষ্ট করতে চাই না, আমি বরাবরই সময়কে যথার্থভাবে ব্যবহার করার চেষ্টা করি। বর্তমানে ব্যস্ততা কী নিয়ে? কাজ নিয়ে কখনও আমার মাঝে কোনো অস্থিরতা দেখা যায়নি। আমি কখনও এমনটি চাইনি যে, আমাকে অনেক অনেক নাটকে অভিনয় করতে হবে, সব সময় টিভিপর্দায় নিজেকে দেখতে হবে। এই ভাবনা আমাকে কখনও তাড়া করেনি। আমি আসলে নিজেকে দেখতে চেয়েছি ভালো একজন অভিনেত্রী হিসেবে। বর্তমানে কাজের ব্যস্ততা একটু বেশি। একক ও ধারাবাহিকে কাজ করছি সমান গতিতে। মিডিয়ায় কাজ করতে এসেছিলাম ভালো লাগা থেকেই, সেই ভালোালাগার কাছে সত্ থাকতে চাই এবং পরিশ্রম করতে চাই নিজেকে আরও প্রমাণ করার জন্য। কোন ধরনের নাটকে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন? সব অভিনেতা-অভিনেত্রীরাই একখণ্ডের নাটকে কাজ করতে বেশি ভালোবাসে, আমিও বাসি কিন্তু ধারাবাহিকেও আমি কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। বর্তমানে আমাদের স্ক্রিপ্টের মধ্যে অনেক বৈচিত্র্য এসেছে। এখন আর নির্দিষ্ট প্রেম-ভালোবাসার মধ্যে আমাদের নাটক আটকে নেই। দৈনন্দিনের নানা ধরনের ঘটনাগুলোই উঠে আসছে আমাদের নাটকগুলোতে, সে বিচারে আমাদের এ সময়ের নাটকগুলো অনেকবেশি জীবনঘনিষ্ঠ। নাটকের মাঝে অতিরিক্ত বিজ্ঞাপন দেখানো সম্পর্কে আপনার মতামত জানতে চাই। নাটকে বিজ্ঞাপনের বেলায় আমরা বাইরের দেশগুলোকে ফলো করি না। অতিরিক্ত বিজ্ঞাপনের ফলে নাটকের স্বকীয়তা নষ্ট হয়ে যায়। মাঝে মাঝে নাটক দেখতে বসলে ভুলে যাই নাটক দেখছি না বিজ্ঞাপন দেখার জন্য টিভির সামনে বসেছি। তবে বিজ্ঞাপনী সংস্থার উপর আমরা অনেকাংশের নির্ভর করতে হয়, সুতরাং এ ক্ষেত্রে কর্তৃপক্ষের সচেতনতার প্রয়োজন রয়েছে। আপনার নাগরিক আনন্দ-বেদনা কতটুকু? যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি নিয়ে দেশ এখন উত্তাল। নতুন প্রজন্ম জেগে উঠেছে। আমিও চেতনায় মুক্তিযুদ্ধের ইতিহাস বহন করি। তাই তাদের দাবির সাথে আমি ও সহমত, এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছি। তবে দুঃখের বিষয় হচ্ছে নাগরিক আনন্দ খুঁজে নিতে হয়। তবে নাগরিক বেদনা খুঁজে নেওয়া লাগে না, তা স্বাভাবিকভাবেই চলে আসে। দেশের নাগরিক হিসেবে অবশ্যই দেশের কাছে আমার কৃতজ্ঞতা ও দায়বদ্ধতা আছে।