খোঁজখবর

চলচ্চিত্রে হতাশা চলচ্চিত্রে অভিনয়ের প্রত্যাশা নিয়েই সারিকা মিডিয়ায় এসেছিলেন। স্বল্প সময়ে বিজ্ঞাপন এবং নাটকে জনপ্রিয়তা পেলেও তার মূল স্বপ্ন এখনও পূরণ হয়নি। বিষয়টি নিয়ে সারিকা বেশ হতাশা প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে সারিকা জানান, বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করে এতদিন তিনি চলচ্চিত্রের জন্য নিজেকে প্রস্তুত করেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি বিভিন্ন সময় চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। কিন্তু নিজেকে তৈরির অজুহাতে প্রস্তাব এড়িয়ে গেছেন। তবে এবার যখন চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন, তখন পরিচালকরা ধীর গতিতে এগোচ্ছেন। তারপরও পরিচালকদের আশ্বাস নিয়েই সারিকা স্বপ্ন পূরণের আশায় অপেক্ষার প্রহর গুনছেন। বিভিন্ন স্টেজ পারফর্মেন্সের বাইরে বর্তমানে সারিকা বেশ কিছু খণ্ড নাটকের কাজ নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে তিনি গত বছর থেকে ধারাবাহিক নাটক পুরোপুরি এড়িয়ে চলছেন। সারিকা সম্প্রতি লিটু সাখাওয়াতের রচনা ও নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘একটি প্রেমের গল্প’ শিরোনামের খণ্ড নাটকে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে রয়েছেন ইন্তেখাব দিনার। এ ছাড়াও তিনি চলতি মাসেই নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘জ্বলন্তরাত্রি’ এবং ‘কল্পকাহিনী’সহ বেশ কিছু নাটকের শুটিং শুরু করবেন। ০০০০০০০০০ এবার প্রেত সাধক এবার প্রেত সাধনারত একটি ছেলের চরিত্রে অভিনয় করেছেন সজল। অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় ‘কানামাছি সংবাদে’ নাটকে সজলের বিপরীতে অভিনয় করেছেন তিশা। নাটকের গল্পে দেখা যাবে,সজল একটি পুরোনো বাড়িতে যায় প্রেত সাধনা করতে। সেখানে তার সাথে দেখা হয় একটি ভূতের। সে ভূতরূপী মেয়েটিকে ভালোবেসে ফেলেছে। শহরে এসে সজল সেই ভূতটির মতো অবিকল আরেকটি মেয়ের সন্ধান পায়। সে পিছু নিতে শুরু করে মেয়েটির। এক পর্যায়ে মেয়েটির সাথে সজলের ভালো সম্পর্ক হয়ে যায়। সজল মেয়েটিকে সে ভূতের কথা জানায়। সে যে সত্যি সত্যি ভূতটাকে ভালোবেসে ফেলেছে তা মেয়েটির কাছে প্রকাশ করে। নাটক মোড় নেয় আরেক নাটকীয়তায়। সজল বলেন, রাত জেগে একটি পুরোনো বাড়িতে শুটিং করতে হয়েছে। একেক একেক সময় বাড়িটিকে ভুতুড়ে বাড়ি বলে মনে হয়েছে। নাটকটি শিগগিরই যেকোনো চ্যানেলে প্রচার হবে। ০০০০০০০০ ভিন্ন চরিত্রে লাক্স তারকা শানারেই দেবী শানুকে দর্শকরা এবার ভিন্ন চরিত্রে দেখতে পাবেন। অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় ‘কর্তা কাহিনী’ নামের ধারাবাহিক নাটকে তিনি মজার একটি চরিত্রে অভিনয় করছেন। নাটকের গল্পে দেখা যাবে, সোলেমান নামের এক গ্রাম্য যুবকের কক্সবাজার বেড়াতে আসার মধ্য দিয়ে। সোলেমান যখন থানায় আটক তখন দেখা যায় সোলেমানের ছবি নিয়ে তাকে খোঁজার জন্য কক্সবাজার এয়ারপোর্টে এসে নেমেছে আন্তর্জাতিক মাফিয়া দলের তিন তরুণ সদস্য। ছবিটি সোলেমানের হলেও তাদের কাছে ছবির মানুষের পরিচয় সাচীকর্তা নামে। তারা জানে সাচীকর্তার কাছে রয়েছে শত কোটি টাকা মূল্যের প্রাচীন রোম সম্রাটের মূর্তি। এই মূর্তি উদ্ধারের জন্যই তাদের অভিযান। হন্যে হয়ে তারা খুঁজতে থাকে ছবির মানুষটিকে। বাংলাভিশনে প্রচারিত এ ধারাবাহিকে নিজের চরিত্র সম্পর্কে শানু বলেন, ‘এখানে আমার চরিত্র অনেক মজার। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’ ০০০০০ নতুন বিজ্ঞাপনচিত্রে নতুন একটি বিজ্ঞাপনচিত্রে চিত্রনায়ক শাকিব খান চুক্তিবদ্ধ হয়েছেন। আবিদ মল্লিকের নির্দেশনায় এশিয়ান টাউন ডেভেলপমেন্ট লিঃ এর অভিজাত আবাসন প্রকল্প এশিয়ান ডুপ্লেক্স টাউন-এর বিজ্ঞাপনের শুটিং শুরু হবে আগামী মাসের প্রথম সপ্তাহে। উক্ত বিজ্ঞাপনচিত্রে শাকিব খানের কো-মডেল হিসেবে থাকছেন নতুন মুখ তানিয়া। সম্প্রতি এশিয়ান টাউন ডেভেলপমেন্ট লি. এর অভিজাত আবাসন প্রকল্প এশিয়ান ডুপ্লেক্স টাউন এর ব্র্যান্ড এ্যামবাসেডর হিসেবে শাকিব চুক্তিবদ্ধ হয়েছেন। ০০০০০ ইমরান-নওমীর প্রথম মিউজিক ভিডিও ইমরান ও নওমী দুজনই এ প্রজন্মের শিল্পী। এবারই প্রথম একসঙ্গে গানে কণ্ঠ দিলেন তারা। ‘আমার এই হূদয়ের সীমানায় তুমি ছাড়া আর কেহ নাই/জীবনে মরণে সারাক্ষণ শুধু তোমাকে পাশে চাই’-এমন কথায় গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীত করেছেন ইমরান। গানটি রয়েছে নওমীর প্রথম একক অ্যালবাম ‘নওমী’তে। এবার ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি করা হয়েছে গানটির মিউজিক ভিডিও। ভিডিওটি নির্মাণে রয়েছে ব্ল্যাক পেপার। পরিচালনায় চন্দন রায় চৌধুরী। সম্প্রতি রাজশাহীতে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে। গানটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘নওমীর সঙ্গে এটা আমার প্রথম মিউজিক ভিডিও। আর তাই ভিডিওটি নিয়ে আমরা বেশ আশাবাদী। ভালোবাাসা দিবসে শ্রোতাদের আনন্দের অন্যতম মাধ্যমে হতে পারে এটি।’ নওমী বলেন, ‘এটা আমার একক অ্যালবামের প্রথম মিউজিক ভিডিও। আর তাই এটি নিয়ে আমার মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। আশা করি গানটি সবাই উপভোগ করবেন।’ উল্লেখ্য গত কোরবানির ঈদে সিডি চয়েসের ব্যানারে বাজারে আসে নওমীর প্রথম একক ‘নওমী’।