‘হয়তো ভালো গান করতে পারছি না বলে কেউ খোঁজ রাখছে না’

 ‘পাগল মন মন রে, মন কেন এত কথা বলে’—দিলরুবা খানের কণ্ঠে এই গানটির জনপ্রিয়তার ব্যাখ্যা নতুন করে দেওয়ার কিছু নেই। এখন পর্যন্ত শ্রোতাদের কাছে জনপ্রিয় এই গানটি। নতুনদের অনেকেই নতুন করে কাভার করেছেন এই গানটি। তবে গানের মূল শিল্পীর বর্তমান অবস্থা হয়তো অনেকেরই অজানা।

দীর্ঘ জীবনের এই পথচলাতে এখনো তিনি গানকে আঁকড়ে ধরেই বেঁচে আছেন। গান তার সবকিছু। নিজের মেয়েকেও গান শিখিয়েছেন এবং কণ্ঠ দিয়েছেন মেয়ের অ্যালবামেও।

কিন্তু বর্তমানে গণমাধ্যমের সবাই তাঁর কতটুকু খোঁজ রাখেন? এমনটা জানতে চাওয়া হলে তিনি ইত্তেফাককে বলেন, ‘মিডিয়া কেন আমার খোঁজ রাখবে? মিডিয়া যাঁরা ভালো গান করে তাঁদের খোঁজ রাখে। আমি হয়তো ভালো গান করতে পারছি না বলে কেউ খোঁজ রাখছে না। আর আমি চাইও না তাঁরা আমার খোঁজ রাখুক। আমি সঙ্গীতের মানুষ। সঙ্গীতের সাথে এখনো জড়িয়ে আছি। সবসময় গান করে যাচ্ছি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গান করে যেতে চাই।’