হারানো হুকোঁ আবার ফিরেছে মাগুরায়

এককালে সকল শ্রেণীর মানুষের প্রিয় হুক্কা দীর্ঘদিন বিলুপ্ত থাকার পর আবার তা ফিরে এসেছে। জীবিকার প্রয়োজনে মাগুরায় এ হুক্কা বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ও বিক্রি হচ্ছে। শহরের ফুটপাতে হুক্কা কেনার জন্য দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। প্রতিটি নতুন হুক্কা প্রকারভেদে ৯০ টাকা থেকে ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। হুক্কা বিক্রেতা আব্দুর ছত্তার বিশ্বাস জানান, নারিকেলের খোলা এবং কাঠ দিয়ে নতুন হুক্কা তৈরি করা হচ্ছে। জীবিকার প্রয়োজনে তিনি এটি তৈরি করে বাজারে বিক্রি করছেন। তার লাভও হচ্ছে মোটামুটি ভাল। দোকান খোলার সাথে সাথে ক্রেতারা হুক্কা কিনতে ভিড় জমান। প্রাচীনকালে জমিদার থেকে শুরু করে সাধারণ মানুষ হুক্কার ব্যবহার করতেন। সে সময় হুক্কা ছিল নানা কারুকার্যময়। ধূমপায়ী অনেকেই জানান, হুক্কার মাধ্যমে ধূমপান সিগারেটের মত অতটা খারাপ না। সেজন্য তারা হুক্কা ক্রয় করছেন। ফলে দীর্ঘদিন মাগুরায় হুক্কার দেখা না মিললেও বর্তমানে তা তৈরি ও বাজারে বিক্রি হচ্ছে।