পাঁচ বছর পরও চালু হয়নি মনোহরগঞ্জের হাওরা সেতু
আব্দুল গাফফার সুমন, মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৭
কুমিল্লার মনোহরগঞ্জে ডাকাতিয়া নদীর উপর এলজিইডি কর্তৃক ৮০ লাখ টাকা ব্যয়ে হাওরা সেতুর নির্মাণ। কাজ গত ৫ বছর পূর্বে শেষ হলেও এপ্রোচ সড়ক তৈরি হয়নি। সেতুটি এখনো চলাচল উপযোগী হয়নি। জানা যায়, ঠিকাদার ২০০৭ সালের ৩০ এপ্রিল সেতুটি নির্মাণ কাজ শেষ করেন। এপ্রোচ সড়কটিতে মাটি না থাকায় সাইকেল, রিকশা ও মটরচালিত কোন যানবাহন চলাচল করতে না পারার কারণে মানুষকে পায়ে হেঁটে ব্রিজ পার হতে হয়। প্রতি বছর বর্ষাকালে এপ্রোচ সড়কটি ৬ মাস পানির নিচে ডুবে থাকলে কয়েক হাজার মানুষকে নৌকাযোগে নদী পার হতে হয়। বিগত জোট সরকারের আমলে নির্মিত সেতুটির সুফল জনগণ আজো ভোগ করতে পারছে না।
বাইশগাঁও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, ব্রিজটি চলাচল উপযোগী হলে উপজেলার ঝলম, হাওরা, চড্ডা, ডাবুরিয়া, নোয়াগাঁও, জলিপুর, পেয়ারাতলি, চিলুয়াসহ প্রায় ২০টি গ্রামের মানুষকে ৩ কিঃ মিঃ ঘুরে উপজেলা সদরে আসতে হবে না। এদিকে উল্লেখিত গ্রামগুলোতে কোন দুর্ঘটনা ঘটলে থানা পুলিশকে ঐ সকল স্থানে পৌঁছতে ৩ কিঃ মিঃ পথ ঘুরে যেতে হয়। যদিও থানার অবস্থান নদীর এপার ওপার। স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজের গোড়া থেকে মূল সড়ক পর্যন্ত অন্তত ২০ ফুট উঁচু করে মাটি ভরাট করলে এটি চলাচল উপযোগী হতে পারে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, গত কিছু দিন আগে এপ্রোচ সড়কটি তৈরির জন্য টেন্ডার হয়েছে। স্থানীয় লোকজন মাটি না দেয়ায় ঠিকাদার কাজ ছেড়ে চলে যায়। তিনি জানান, শীঘ্রই এপ্রোচ সড়ক নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।