লালপুরে আখচাষীদের টাকা কর্তন নিয়ে বিব্রত চিনিকল
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৮
বাংলাদেশ আখচাষী ফেডারেশন ও আখচাষী সমিতির তহবিল গঠনে চিনিকলে সরবরাহকৃত প্রতি মণ আখের বিপরীতে ৫ পয়সা এবং ডাব্লুআর এর পয়সা কর্তনে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছে নাটোরের লালপুর নর্থ বেঙ্গল সুগার মিল কর্তৃপক্ষ। এলাকায় উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতি নামে দু’টি আখচাষী সংগঠনের একটি আখচাষী ফেডারেশন সমর্থিত অন্যটি বংলাদেশ আখচাষী ইউনিয়ন সমর্থিত। বংলাদেশ আখচাষী ইউনিয়ন ও তার সমর্থিত সমিতি শুরু থেকেই সংগঠনের নামে টাকা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে আসছে । সমপ্রতি তারা এলাকার চাষীদের নিয়ে সংগঠনের নামে টাকা না কাটার জন্য পৃথকভাবে আবেদন জানিয়েছে। অপরদিকে আখচাষী ফেডারেশন সমর্থিত সমিতি শনিবার সভা করে অবিলম্বে করপোরেশনের নির্দেশ মত টাকা কাটার দাবি জানায়। এ ব্যাপারে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবর রহমান জানান, তহবিল গঠনে টাকা কাটার বিষয়ে আখচাষীদের মধ্যে পক্ষে-বিপক্ষে অবস্থান থাকায় তা এখনো শুরু করা সম্ভব হয়নি।