নারায়ণগঞ্জে হত্যার দায়ে তিন জনের ফাঁসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যুবক হত্যার দায়ে ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ ২নং অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফয়জুল আজিম আসামি জাবেদ, দ্বীন ইসলাম ও লোকেল মিয়ার উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালত সূত্র মতে, ২০০৯ সালের ৭ অক্টোবর রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার আলী চৌধুরীর ছেলে বিল্লাল হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় জাবেদ, দ্বীন ইসলাম ও লোকেল মিয়া। পরে বিল্লাল হোসেনের লাশ পাশের শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়। এ ঘটনায় আলী চৌধুরী বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ জাবেদকে গ্রেপ্তার করে। ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার আদালত অভিযুক্ত ৩ জনের বিরুদ্ধে ফাঁসির রায় দেন।