জয়পুরহাটে জামায়াত নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রতারণা,আত্মসাত্ ও বিশ্বাসভঙ্গের অভিযোগে জয়পুরহাটে ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ৫ মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। শহরের সিও কলোনী এলাকায় তাদের মালিকানাধীন ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকসহ আংশিক মালিকানা দেয়ার নামে ১২ লাখ টাকা আত্মসাত্ ও বিশ্বাসভঙ্গের অভিযোগে শহরের পূর্ব জানিয়ার বাগান এলাকার নাহিদ সুলতানা নামের এক গৃহবধূ মামলা করলে জয়পুরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: তাজুল ইসলাম মঙ্গলবার এই আদেশ দেন।গ্রেফতারের আদেশপ্রাপ্তরা হলেন, জামায়াতের আক্কেলপুর উপজেলা শাখার আমীর রাশেদুল আলম সবুজ, সেক্রেটারী আহসান হাবিব বেলাল, বায়তুলমাল সম্পাদক শফিউল হাসান দিপু ও তাদের সহযোগী ভাণ্ডারীপাড়া গ্রামের মোশারফ হোসেন এবং জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মামুনুর রশিদ। উল্লেখ্য, জয়পুরহাট শহরের সিও কলোনী এলাকার ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক পদসহ আংশিক মালিকানা দেয়ার নাম করে অভিযুক্ত জামায়াত নেতারা বিভিন্ন সময়ে গৃহবধূ নাহিদ সুলতানা ও তাঁর পরিচিত জনদের নিকট হতে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়া হয় বলে অভিযোগ করা হয়। পরবর্তীতে তাদের বাদ দিয়ে অভিযুক্তদের মধ্যে ৩ জামায়াত নেতা গোপনে হাসপাতালের বৈধ মালিকানার কাগজপত্র সম্পন্ন করে প্রতারণা ও বিশ্বাসভঙ্গ করেন।