ঘেরাওয়ের মুখে ইউপি চেয়ারম্যান
ফরিদগঞ্জে ভিজিডির চাল আত্মসাতের চেষ্টা
ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪৩
ফরিদগঞ্জে ভিজিডির চাল আত্মসাতের চেষ্টাকালে তা আটক করে বিক্ষোভে ফেটে পড়ে জনতা। এ সময় তারা ইউপি কার্যালয়ে চেয়ারম্যানকে ঘেরাও করে। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন। গত মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে উপজেলার ৮নং পাইকপাড়া (উঃ) ইউপি কার্যালয়ে। এলাকাবাসী জানায়, ইউপি কার্যালয়ে সোমবার দিনব্যাপী ভিজিডি চাল বিতরণ করা হয় । চাল বিতরণ শেষে চেয়ারম্যান একটি রিকশায় ৩ বস্তা চাল তুলে দেন । পথিমধ্যে জনতা রিকশা চালকের কাছে এর গন্তব্য জানতে চায়। চালক সন্তোষজনক জবাব দিতে না পারায় জনতা চাল ফিরিয়ে নিয়ে আসে ইউপি কার্যালয়ে । এ সময় তারা চেয়ারম্যানকে ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউপি কার্যালয়ে আসেন এবং সকলের বক্তব্য শোনেন। পরে উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে জনতা শান্ত হয় ।