জনগণের টাকায় কেনা রাইফেল দিয়ে সরকার জনগণকেই মারছে

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) আসম হান্নান শাহ বলেছেন, জনগণের টাকায় কেনা রাইফেল দিয়ে সরকার জনগণকেই পাখির মত গুলি করে মারছে। ফেব্রুয়ারি মাসে সরকারের পুলিশবাহিনী ৫৭জন নিরীহ মানুষকে হত্যা করেছে। গুলিবিদ্ধ হয়েছেন সহস্রাধিক। বিএনপি ক্ষমতায় গেলে এ সকল হত্যার বিচার করা হবে। এসময় তিনি আওয়ামী লীগকে আত্মস্বীকৃত খুনী ও বেঈমান বলে আখ্যায়িত করেন। মঙ্গলবার রাতে তালা উপজেলার সুভাষিণী বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক প্রভাষক মোশারাফ হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব। উপজেলা বিএনপি’র সভাপতি মৃণাল কান্তি রায়,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মিয়াজান আলী মোড়ল প্রমুখ বক্তব্য রাখেন।