পোপের বিদায়ী ভাষণ
আজ পদত্যাগ করবেন
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৩
পোপ ষোড়শ বেনেডিক্টকে বিদায় জানাতে গতকাল বুধবার সেন্ট পিটার্স স্কয়ারে নামে মানুষের ঢল। পদত্যাগের অন্তিম মুহুর্তে তাদের উদ্দেশে আবেগঘন ভাষণ দেন পোপ। আজ বৃহস্পতিবার পদত্যাগ করছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। বার্ধক্যের কারণে অপ্রত্যাশিতভাবেই ২৮ ফেব্রুয়ারি পদত্যাগের ঘোষণা দেন ৮৫ বছর বয়সি এই জার্মান ধর্মযাজক। সর্বশেষ ১৪১৫ সালে পোপ দ্বাদশ গ্রেগরির পদত্যাগের পর বেনেডিক্টই প্রথম পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
গত বুধবার পোপ ষোড়শ বেনেডিক্টের শেষ ভাষণ শুনতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত হয় ১ লাখ ৫০ হাজার ধর্মপ্রাণ মানুষ। তাদের উদ্দেশে পোপ আবারো এ গুরুদায়িত্ব থেকে তার সরে যাওয়ার বিষয়টি তুলে ধরে বলেন, পোপের দায়িত্ব তার কাছে ছিল এক ভারি বোঝার মতোই। কিন্তু ঈশ্বর তার সহায় থাকবেন এ বিশ্বাসে ভর করেই তিনি দায়িত্বটি নিয়েছিলেন।
পোপ দ্বিতীয় জন পলের মৃত্যুর পর ২০০৫ সালে ৭৮ বছর বয়সে পোপ হিসেবে অভিষিক্ত হয়েছিলেন জোসেফ রাটজিঙ্গার। পোপ হয়েই ষোড়শ বেনেডিক্ট নাম গ্রহণ করেন তিনি। বিদায়ী ভাষণে পোপ বলেন, কঠিন এ দায়িত্ব পালনের সময় আনন্দের কিছু মুহূর্তও যেমন ছিল তেমনি ছিল অনেক সঙ্কটময় মূহূর্ত; সঙ্কটের মূহূর্তগুলোতে মনে হত “স্রস্টা যেন ঘুমিয়ে আছেন”। পোপের এ গুরুদায়িত্ব সম্পর্কে পুরোপুরি সচেতন থেকে এবং চার্চের কল্যাণেই তিনি পদত্যাগ করছেন বলে জানান। তবে পদত্যাগ করলেও তিনি চার্চের জন্য কাজ করে যাওয়াসহ সবার জন্য প্রার্থনা করে যাবেন বলে ভাষণে জানান। এ সময় স্কয়ারে উপস্থিত অনেকেই তার দায়িত্বশীলতা এবং বিনয়ের প্রশংসা করেন। এর আগে পবিত্র শেষ ‘সানডে’ ভাষণেও পোপ পদত্যাগের পর তার শারিরীক সামর্থ্য অনুযায়ী মানুষের সেবায় আত্মনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ পদত্যাগের পর হেলিকপ্টারে করে রোমের ১৫ মাইল দক্ষিণ-পূর্বে ক্যাসেল গানডোলফো’র গ্রীষ্মকালীন বাসভবনে যাবেন পোপ বেনেডিক্ট। পরবর্তী পোপ সম্ভবত মার্চে নির্বাচিত হবেন। বেনেডিক্টের পদত্যাগের পর থেকেই নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।