শাহবাগ আন্দোলন না হলে আশঙ্কা জন্মাতো স্বাধীনতা রাখতে পারবো কিনা

সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মুস্তাফা শহীদ বলেছেন, যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচারের দাবিতে যদি শাহবাগের আন্দোলনের জন্ম না নিত তাহলে এই বৃদ্ধ বয়সে এসে আশঙ্কা জন্মাতো স্বাধীনতা রাখতে পারবো কিনা? আন্তজার্তিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে বুধবার ভাষা সৈনিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচাস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত মঞ্চে এই সংবর্ধনার আয়োজন করে ঋষিজ শিল্পী গোষ্ঠী। সমাজকল্যাণ মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার আমরা চাই। কিন্তু এই বিচার আমরা এতদিন করতে পারিনি। কারণ জিয়াউর রহমান এদেশে স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠিত করেছেন। তিনি কত বড় ক্ষতি করেছেন আজ তা বোঝা যাচ্ছে। গতকাল অনুষ্ঠানের শুরুতে ভাষা সৈনিক অধ্যাপক রফিকুল ইসলাম ও আহমদ রফিককে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত ব্যক্তিদের ফুল, ক্রেস্ট, উত্তরীয় ও নগদ অর্থমূল্য প্রদান করা হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মুস্তাফা শহীদ ও উদীচী শিল্পী গোষ্ঠীকে একুশে পদক প্রাপ্তিতে সংবর্ধনা প্রদান করে ঋষিজ শিল্পী গোষ্ঠী। সংগঠনের সভাপতি শিল্পী ফকির আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। আরো উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুছ। অধ্যাপক আনিসুজ্জামান বলেন, সাম্প্রদায়িক শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি আবারও মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করেছে। তারা শহীদ মিনার ভাঙছে, জাতীয় পতাকা পুড়িয়ে দিচ্ছে। এদের বিরুদ্ধে আমাদের সকলের রুখে দাঁড়াতে হবে। ফকির আলমগীর বলেন, একুশ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।