যাত্রাবাড়ীতে দুই হাজার পিস
ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৩
রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুই হাজার পিস ইয়াবাসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতরা হলেন ফরিদ আলম, আবু হাসান ও ছাব্বির ওরফে জয়নাল। বুধবার বেলা ১১টার দিকে ফাতেমা আবাসিক প্রকল্পের আমির খসরু খানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ফরিদ আলম মিয়ানমারের নাগরিক। তিনি মিয়ানমারের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন আরাকান প্রদেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে তা ঢাকার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে পাইকারিভাবে বিক্রি করে আসছেন বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র জানিয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মহানগর উপ-অঞ্চলের উপ-পরিচালক আলী আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুলশান সার্কেলের পরিদর্শক একেএম কামরুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম ওই বাড়িতে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবা জব্দ করে। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।