বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় খুলছে আজ

আজ ২৮ ফেব্রুয়ারি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ফের শুরু হচ্ছে। সার্বিক শৃঙ্খলার স্বার্থে শিক্ষার্থীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের ইনফরমেশন অফিসার মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রসঙ্গত, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনিয়ম-দুর্নীতি, স্বজনপ্রীতি ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি বিরোধী মঞ্চ ৫ জানুয়ারি থেকে আন্দোলন শুরু করে। ১০ জানুয়ারি ভিসির পক্ষ এবং বিপক্ষে আন্দোলনকারীদের সংঘর্ষে ৬ শিক্ষকসহ ২০ জন আহত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষক ড. তুহিন ওয়াদুদ ও ড. মতিউর রহমানের শরীর ও চোখে ভাঙ্গা ব্যাটারির এসিড ছিটকে পড়ে। এ ঘটনার পরপরই আমরণ অনশনে যান আন্দোলনকারীরা। ওইদিন রাতেই জরুরি সভা করে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন উপাচার্য ড. মু. আব্দুল জলিল মিয়া।