বাকৃবিতে আজ ক্লাস শুরু

ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) টানা ৩৮ দিন বন্ধ থাকার পর গতকাল বুধবার পুলিশ প্রহরায় বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খুলে দেয়া হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খুলে দেয়া হয়। সাধারণ শিক্ষার্থীরা গতকাল সকাল ১০টা থেকে হলে আসতে থাকে। এদিকে আজ বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নিয়মিতভাবে শুরু হবে। হল খোলার আগের রাতে বিভিন্ন হলে ছাত্রলীগ কর্মীদের প্রবেশ করতে দেখা গেছে। হলে কারা প্রবেশ করবে তা তদারকির জন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। হল খুলে দেয়ার পর বুধবার সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদল নেতা-কর্মীরা বিভিন্ন হলে প্রবেশ করতে গেলে পুলিশ ও ছাত্রলীগ বাধা দেয়। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব হলে ছাত্রদলের কিছু সংখ্যক নেতাকর্মী একসাথে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে সেখানে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সুলতান উদ্দিন ভূঞা, প্রক্টর অধ্যাপক ড. শহীদুর রহমান খান এসে পরিস্থিতি শান্ত করেন এবং ছাত্রদলের নেতা-কর্মীদের ফিরিয়ে দেয়। ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পয়েন্টে পরিচয় পত্র পরীক্ষা করায় অবৈধ ও বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ বন্ধ হয়েছে।