না’গঞ্জ সিটি কর্পোরেশন থেকে সিদ্ধিরগঞ্জ পৌরসভা কেন আলাদা করা হবে না

সিদ্ধিরগঞ্জ পৌরসভাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে আলাদা করার জবাব চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের প্রতি এ রুল জারি করেন। গতকাল বুধবার রুল জারি নকলের কপি স্থানীয় সাংবাদিকদের হাতে পৌঁছে। ২০১০ সালের ৫ মে এক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ পৌরসভা, সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও বন্দরের কদমরসুল পৌরসভা নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠিত হয়। পরের বছর ৩১ অক্টোবর নবগঠিত সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সাবেক সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আবদুল মতিন প্রধান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে সিদ্ধিরগঞ্জ পৌরসভাকে আলাদা করতে হাইকোর্টে একটি রিটপিটিশন দাখিল করেন। আবেদনের শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সাবেক সিদ্ধিরগঞ্জ পৌরসভা কেন আলাদা করা হবে না এই মর্মে আগামী ৪ সপ্তাহের মধ্যে জবাব দেয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের সচিব, ঢাকা বিভাগীয় কমিশনার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জবাব দেয়ার জন্য রুল জারি করেন।