শাহবাগ আন্দোলন চলছে ভারতের পৃষ্ঠপোষকতায়
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৮
ভারতীয় একটি পত্রিকার উদ্ধৃতি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শাহবাগের আন্দোলন চলছে ভারতের পৃষ্ঠপোষকতায়। আমাদের দেশের মানুষ তাদের ভাগ্য নিয়ে রাজনীতি করবে, সংলাপ করবে, আলোচনা করবে এটা আমাদের আভ্যন্তরিণ ব্যাপার। কিন্তু বন্ধু রাষ্ট্র ভারত কি কারণে তাদের সহযোগিতা করবে তা আমাদের বুঝতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুদ্ধাপরাধের বিচার সম্পর্কে বলেন, আমরা বারবার আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট করে বলেছি, যারা ৭১’ এর মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচার চাই।কিন্তু তা হতে হবে আইনের মাধ্যমে স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের। তিনি বলেন, সরকার পুলিশ দিয়ে আলেম ওলামাদের উপর নির্যাতন করছে।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পুলিশ গুলি করে মানুষ হত্যা করছে। মানিকগঞ্জে নিরীহ গ্রামবাসীর উপর পুলিশ গুলি করে একজন নববধূসহ ৫ জনকে হত্যা করলেও পুলিশ বাদি হয়ে পাঁচ হাজার গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেছে। তিনি বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকার দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে। চার বছরে সরকার তাদের কোন ওয়াদাই পূরণ করতে পারেনি। তাদের চার বছরের ব্যর্থতা ঢাকতে নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তাদের সকল প্রকার ষড়যন্ত্র সম্পর্কে নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।
তিনি গতকাল বুধবার সকালে গাজীপুর সদর উপজেলার বোর্ড বাজারে একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা বিএনপির সভাপতি ও দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ.কে.এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি হাসান উদ্দিন সরকার। গত কয়েকদিন ধরে দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে। কারণ কিছু সংখ্যক ব্লগার ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করেছেন, আল্লাহ ও রাসুল (স:) সম্পর্কে কটূক্তি করেছেন যা ভাষায় প্রকাশ করা যায় না। দুঃখজনকভাবে বলতে হচ্ছে কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ২০১০ সালে হাইকোর্ট থেকে রুল জারি করা হয়েছিল। কিন্তু তাদের বিরুদ্ধে সরকার কোন ব্যবস্থা নেয়নি।