অস্ট্রেলিয়ায় হাইকমিশনার জেনারেল মাসুদের চাকরি আরো এক বছর বাড়ল

অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার লেফট্যানেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর চাকরির মেয়াদ আরো এক বছর বাড়িয়েছে সরকার। এ নিয়ে জেনারেল মাসুদকে চতুর্থ দফা চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হল। সর্বশেষ চুক্তি অনুযায়ী এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত জেনারেল মাসুদ ক্যানবেরায় বাংলাদেশের হাইকমিশনার পদে দায়িত্ব পালন করবেন। ২০০৮ সালের নভেম্বর মাস থেকে লে. জে. মাসুদ অস্ট্রেলিয়ায় হাইকমিশনার পদে কর্মরত আছেন। তত্কালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে ঐ পদে পাঠায়। ২০১১ সালের জুন মাসে তিনি সেনাবাহিনীর চাকরি থেকে স্বাভাবিক নিয়মে অবসর নেন। সেই সঙ্গে তাকে তিন মাস করে দুই দফায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। ২০১২ সালের জানুয়ারি মাসে তিনি তৃতীয় দফায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান। সর্বশেষ সম্প্রতি আরো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হল।