হরতালে উদ্বিগ্ন বিজিএমইএ, বিকেএমইএ
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩১
চারদিনের ব্যবধানে আজ বৃহস্পতিবার আবারো আচমকা হরতালে উদ্বেগ প্রকাশ করেছেন শিল্পপতি ও ব্যবসায়ীরা। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তৈরি পোশাক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এ উদ্বেগ জানায়। বিবৃতিতে বলা হয়, ঘন ঘন হরতাল আহ্বানের ফলে তৈরি পোশাক শিল্প অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর ফলে শ্রমঘন পোশাকশিল্পের অস্তিত্ব কোনভাবেই ধরে রাখা যাবে না। মাঝারি ও ছোট কারখানাগুলোর রুগ্ন শিল্পে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। বিঘ্নিত হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম। এ পরিস্থিতিতে তৈরি পোশাক হরতালের কারণে আমদানিকৃত কাঁচামালের চালান বন্দর থেকে খালাস করা সম্ভব হয় না। এর প্রভাব পড়ছে উত্পাদন ব্যবস্থায়। অনেক উদ্যোক্তাই নির্দিষ্ট সময়ের মধ্যে রপ্তানি কার্যক্রম সম্পাদন করার জন্য লোকসান দিয়ে বিমানপথকে বেছে নিচ্ছেন। আবার অনেকে সময়মতো রপ্তানি করতে না পারায় ক্রয় আদেশ বাতিলের মত ঘটনাও ঘটছে। এই পরিস্থিতিতে আগামী দিনগুলোতে হরতালের মত ক্ষতিকর কর্মসূচি থেকে বিরত থাকার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠন দুটি।