মানিক মিয়ার কনিষ্ঠ
কন্যা সুলতানা হোসেন
রুবী আর নেই
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩২
দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার কনিষ্ঠ কন্যা সুলতানা হোসেন রুবী আর নেই। গতকাল বুধবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দৈনিক ইত্তেফাকের অন্যতম পরিচালক ছিলেন। সন্ধ্যার পর আজিমপুর কবরস্থানে দ্বিতীয় দফা জানাজা শেষে পিতা-মাতার কবরের পাশে তাঁর দাফন সম্পন্ন হয়। মৃত্যুর সময় মরহুমার বড় দুই ভাই ব্যারিস্টার মইনুল হোসেন ও ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন এবং তাঁদের পরিবারের সদস্যদের অনেকেই হাসপাতালে উপস্থিত ছিলেন। কেউ কেউ খবর পেয়ে হাসপাতালে ছুটে যান।
বিকালে তাঁর মরদেহ লালমাটিয়ার বাসভবনে নেয়া হয়। মাগরিবের নামাজের পর লালমাটিয়া বিবি মসজিদে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন বায়তুল ফালাহ মাদ্রাসার প্রিন্সিপ্যাল হাফেজ মওলানা আবু তালহা। জানাজায় অংশ নেন মরহুমার ভাই দৈনিক ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন, দৈনিক ইত্তেফাকে কার্যনির্বাহী পরিচালক ও মুদ্রাকর মুহিবুল আহসান শাওন, ইত্তেফাকের পরিচালক রেজাউল আহসান ফাগুন। এছাড়া পরিবারের সদস্য জাকির হোসেন নিজাম, মাহমুদ হোসেন, ভাণ্ডারিয়া উপজেলার চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিমসহ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহীরাও জানাজায় অংশ নেন।
জাতীয় পার্টি জেপি মহাসচিব শেখ শহিদুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মফিজুল হক বেবু, যুগ্ম মহাসচিব খলিলুর রহমান, অর্থ সম্পাদক আব্দুস সালাম বাহাদুর, ঝালকাঠি জেলা সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা আব্দুল আলী, যুব সংহতি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ছাত্র সমাজ নেতা নাসিরউদ্দিন তালুকদার জুয়েল প্রমুখ জানাজায় অংশ নেন। জানাজা শেষে মরহুমার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় পার্টি জেপি ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক-শ্রমিক-কর্মচারীরা। এজিস টেক্সটাইল মিলস লিমিটেড, জেনিথ প্যাকেজিং লিমিটেড ও মাস্ট প্যাকেজেস-এর কর্মকর্তা-কর্মচারীরাও জানাজায় অংশ নেন।
প্রথম জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় ধানমণ্ডিতে মরহুমার ভাই দৈনিক ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেনের বাসভবনে। সেখান থেকে সন্ধ্যার পর আজিমপুর কবরস্থানে দ্বিতীয় দফা জানাজা শেষে পিতা-মাতার কবরের পাশে তাঁর দাফন সম্পন্ন হয়। দ্বিতীয় দফা জানাজায় অংশ নেন মরহুমার মামা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনসহ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহীরা। এছাড়া দৈনিক ইত্তেফাকের সাংবাদিক-শ্রমিক-কর্মচারী স্টিয়ারিং কমিটির সভাপতি ও ডিইউজের ইত্তেফাক ইউনিটের ইউনিট চিফ আবুল খায়ের, ডেপুটি ইউনিট চিফ খন্দকার গোলাম জিলানী, দৈনিক ইত্তেফাক (এনএনপিপি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মোঃ আলমগীর হোসেন খান ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম সরওয়ার আজাদ, দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের যুগ্ম সম্পাদক আবু জাফর প্রমুখ। বিকালে তাঁর মরদেহ লালমাটিয়ার বাসভবনে নেয়ার পর মরহুমার মামা ইত্তেফাকের সাবেক জিএম খন্দকার শাহাদাত হোসেন মরদেহ দেখতে যান।
উল্লেখ্য, মস্তিস্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে চিকিত্সাধীন ছিলেন। সর্বশেষ গত ৫ জানুয়ারি তাঁকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গত সপ্তাহে অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। ২৬ ফেব্রুয়ারি থেকে তাঁকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল। কিন্তু লাইফ সাপোর্ট দেয়া সত্ত্বেও তাঁর অবস্থার উন্নতি হয়নি। বরং ধীরে ধীরে অবনতি হতে থাকে এবং গতকাল বুধবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। মরহুমার কুলখানী আগামীকাল শুক্রবার বাদ আসর লালমাটিয়া বিবি মসজিদে অনুষ্ঠিত হবে।
সুলতানা হোসেন রুবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি জানান, সুলতানা হোসেন রুবীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ভাণ্ডারিয়া উপজেলার বর্তমান চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, সাবেক চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, বিশিষ্ট সমাজ সেবক ও জেপি নেতা ইউসুফ আলী আকন প্রমুখ।
বরিশাল অফিস জানায়, সুলতানা হোসেন রুবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরন। তিনি শোক বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ ছাড়াও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু, বরিশাল প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল ও সাধারণ সম্পাদক লিটন বাশারসহ বিভিন্ন ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠান।
নোয়াখালী প্রতিনিধি জানান, সুলতানা হোসেন রুবীর মৃত্যুতে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনোয়ার, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নোয়াখালী জেলা শাখার সহ-সভাপতি রুদ্র মাসুদ, স্থানীয় দৈনিক আমার সংবাদের সম্পাদক জামাল হোসেন বিষাদ ও দৈনিক সোনালী জমিনের সম্পাদক শাহ এমরান ওসমান মোহাম্মদ সুজন শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।