চীনে রাজনৈতিক সংস্কারের আহ্বান

চীনের কয়েকজন প্রখ্যাত পন্ডিত, সাংবাদিক ও রাজনৈতিক কর্মী শীর্ষ নেতাদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে রাজনৈতিক সংস্কারের আহ্বান জানিয়েছেন। তিন মাসের মধ্যে এটি তাদের দ্বিতীয় উদ্যোগ। শতাধিক বিশিষ্ট ব্যক্তি স্বাক্ষরিত এই চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি অনুমোদন করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। খবর বিবিসির। চিঠিটি চীনের কয়েকটি উল্লেখযোগ্য ওয়েবসাইট ও ব্লগে দেয়া হয়। আমরা গভীর শ্রদ্ধার সাথে ও খোলা মনে চীনের নাগরিক হিসেবে নিম্নোক্ত প্রস্তাবনা তুলে ধরছি- বলে চিঠিটি শুরু করা হয়। চীনে মানবাধিকার ও সাংবিধানিক নীতি প্রতিষ্ঠার ও আরো এগিয়ে নেয়ার জন্য বেসামরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি (আইসিসিপিআর) অনুমোদন করার আহ্বান জানান তারা। আইসিসিপিআর জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার বিলের অংশ। ১৯৯৮ সালে চীন এই চুক্তিতে স্বাক্ষর করলেও তা পার্লামেন্টে অনুমোদন করেনি। বেইজিংয়ে বার্ষিক সংসদীয় অধিবেশন শুরুর কয়েক দিন আগে চিঠিটি দেয়া হলো। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে আছেন প্রখ্যাত অর্থনীতিবিদ মাও ইউশি, আইন বিশেষজ্ঞ হি ওয়েইফাং, রাজনৈতিক কর্মী দাই কিং। এই অধিবেশনে চীনা কমিউনিস্ট পার্টির নতুন নেতা জি জিনপিং প্রেসিডেন্ট হবেন। ১০ বছর পর দায়িত্ব হস্তান্তর করবেন বর্তমান প্রেসিডেন্ট হু জিনতাও।