৫ ঘণ্টার পরিবহন ধর্মঘট

বরিশালে বিআরটিসির ৪টি বাস ভাংচুর

১০টি যানবাহন ভাংচুরের প্রতিবাদে বরিশাল বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকা পরিবহন ধর্মঘট গতকাল ৫ ঘন্টা পালনের পর সিটি মেয়রের সমঝোতায় প্রত্যাহার করা হয়। তবে ধর্মঘটের সময় যাত্রী পরিবহন করায় বিআরটিসির ৪টি বাসে শ্রমিকরা হামলা চালিয়ে ভাংচুর করে। এতে বিআরটিসি’র ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ডিপো ম্যানেজার বিমানবন্দর থানায় সাধারণ ডায়রীতে উল্লেখ করেন। মঙ্গলবার ঢাকা-বরিশাল সড়ক পথের বাবুগঞ্জ এলাকায় একটি সড়ক দুঘর্টনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ গ্রামবাসী ১০/১২টি যানবাহন ভাংচুর করে। তারা বাস স্টাফসহ প্রায় ১০ জন যাত্রীকে পিটিয়ে আহত করে বলে পরিবহন মালিক শ্রমিকরা জানিয়েছেন। বরিশাল বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন ইত্তেফাককে জানান- দুঘর্টনার পর পুলিশকে জানানো হলেও তারা হামলাকারীদের বিরুদ্ধে রাত পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি। তাই রাতে তারা বৈঠক করে ভোর ৬টা থেকে বরিশাল থেকে দেশের সকল রুটের যানবাহন চলাচল বন্ধ করে দেন। বিআরটিসির একাধিক বাস ভাংচুর ও জনদুর্ভোগের খবর পেয়ে সিটি মেয়র শওকত হোসেন হিরন নতুল্লাবাদ বাস টার্মিনালে হাজির হয়ে বৈঠক করেন। ঐ বৈঠকে বিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আতিকুর রহমান মিয়া ও বাস মালিক সমিতির সভাপতি- সম্পাদকসহ অন্যরা উপস্থিত ছিলেন। টানা এক ঘন্টার বৈঠক শেষে সিটি মেয়র বাস ভাংচুরকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়।