ওলামা-মাশায়েখদের
সঙ্গে নোয়াখালী জেলা
প্রশাসনের সভা
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৬
মসজিদে রাজনীতি নয়, মসজিদের পবিত্রতা রক্ষা ও জঙ্গি-সন্ত্রাসবাদ প্রতিরোধে গতকাল বুধবার বিকালে নোয়াখালীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সব মসজিদের ইমাম, ওলামা ও মশায়েখদের নিয়ে একটি সভা হয়েছে। জেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশন আয়োজিত এ সভায় বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। এ ধর্মে জঙ্গীবাদের কোন স্থান নেই। ধর্মের নামে রাজনৈতিক হানাহানি সৃষ্টি করে দেশের চলমান পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলার বিরুদ্ধে আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা মসজিদ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাদের পরিহার করে মসজিদের পবিত্রতা রক্ষা করার জন্য ইমামদের প্রতি আহবান জানান বক্তারা। ইমামদের পক্ষ থেকে যারা ইসলাম ও হযরত মোহাম্মদ (স:) কে নিয়ে কটূক্তি করছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করা হয়। জেলার প্রায় দুই শতাধিক ইমাম এ সভায় যোগ দেন। এতে নোয়াখালী সদর এমপি একরামুল করিম চৌধুরী প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে ইসলামী ফাউন্ডেশনের পরিচালক মো. সালাউদ্দিন, নোয়াখালীর এসপি মাহবুবুর রশিদ, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক সরকার সারোয়ার আলম, জেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।