বাংলা তার ডাকনাম
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৩৩
বাংলাদেশ, তোমার এমন কী ঐশ্বর্য আছে যা দেখবে পৃথিবী
রূপ নিয়ে গেছে লুটেরা আর তাই নিয়ে আজ যত কানাকানি
পরাশক্তি নও যে তোমার হুঙ্কারে নড়েচড়ে বসবে অশান্ত গ্রহ
ক্ষমতার রাহুবলে বশে আনবে সমস্ত বিগ্রহ, বিশ্বময় জানাজানি
কিছুই হবে না দ্যাখো—নিয়ে গেছে শূন্য করে তোমার ভাঁড়ার
মুদ্রালোলুপ বেনিয়া। লোপাট করবে সবই শূন্য নিথর দেহ
পড়ে থাকবে অলঙ্কারহীন। বৃক্ষেরা হয়ে পড়বে পত্রপুষ্পহীন
মরা গাছের ডালে নাচবে আগুন, দ্রোহে জ্বলবে স্বদেশ আমার...
দাবানল হয়ে যদিও উঠবে জ্বলে, উঠেছে সহস্রবার এরও আগে
একাত্তরের রণাঙ্গনে কিংবা বায়ান্নর একুশের সেই প্রখর প্রহরে
শুধুই কি আগুন বলো প্রেমাগ্নি, জ্বলছে কেবলই বাহিরে-অন্তরে
সে প্রেম সময়ের ডাকে ছুটে চলে আগে প্রজন্ম চত্বরে শাহবাগে
সময়ের সাহসী পাখি সীমানা পেরিয়ে মুখর বাংলাদেশের গানে
বিস্ময়ে পৃথিবী দ্যাখে, ‘বাংলা’ তার ডাকনাম সকলেই জানে...