ব্রাজিলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪১
ব্রাজিলে ডেঙ্গু জ্বরের প্রকোপ এ বছর ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারি এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৩ সালের প্রথম সাত সপ্তাহেই ডেঙ্গু আক্রান্ত হয়েছে ব্রাজিলের দু’লক্ষাধিক নাগরিক; গত বছর একই সময়ে যে সংখ্যা ছিল ৭০ হাজার।
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য ম্যাটো গ্রোসোতে ডেঙ্গু সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র। বর্ষা মৌসুমে মশার প্রজনন বাড়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গু রোগের প্রকোপ আরো বাড়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা। তবে মানুষ বেশিহারে ডেঙ্গু আক্রান্ত হলেও এ রোগে মৃত্যুর হার এবছর তুলনামূলক কম বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্সান্ডার পাদিলহা। তিনি বলেন, ফ্লু জাতীয় এ রোগে এবছর প্রথম ৭ সপ্তাহে ৩৩জন মারা গেছে। যেখানে গত বছর একই সময়ে রোগটিতে মৃতের সংখ্যা ছিল ৪১।
ফলে এ থেকে কর্তৃপক্ষ ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে সঠিক পথে রয়েছে— এমনটিই প্রতীয়মান হচ্ছে বলে মন্তব্য করেন পাদিলহা। ম্যাটো গ্রাসো ডু সোল রাজ্য ছাড়াও ব্রাজিলের দক্ষিণ ও মধ্যাঞ্চলীয় আরো সাতটি রাজ্য ডেঙ্গু মহামারিতে আক্রান্ত। অধিকাংশ ক্ষেত্রেই ডিইএনভি-৪ ভাইরাস সংক্রমণে রোগী জ্বরাক্রান্ত হয়েছে। ২০১১ সালে প্রথম ব্রাজিলে এ ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এ পর্যন্ত ৪ ধরনের ডেঙ্গুজ্বর চিহ্নিত করতে পেরেছেন বিজ্ঞানীরা।