১৯ হাজার কর্মী ছাঁটাই করবে জেপি মর্গ্যান

জেপি মর্গ্যান চেস আগামী বছরের শেষ নাগাদ ১৯ হাজার লোকবল ছাঁটাই করবে বলে একটি পরিকল্পনা গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক এই ব্যাংকটি তার কনজ্যুমার অ্যান্ড কমিউনিটি ব্যাংকিং ইউনিট থেকে ৩ থেকে ৪ হাজার কর্মী কমিয়ে আনবে বলে জানিয়েছে। এর আগে মর্টগেজ ব্যাংকিং ইউনিট থেকে কর্তৃপক্ষ ১৩ থেকে ১৫ হাজার লোকবল ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করেছিল। ধারণা করা হচ্ছে, চলতি বছরেই ৪ হাজার কর্মীকে ছাঁটাই করবে এই প্রতিষ্ঠানটি। জেপি মর্গ্যান চেস যুক্তরাষ্ট্রের সর্ববৃহত্ ব্যাংক। গত বছরের শেষ নাগাদ ব্যাংকটির চাকুরের সংখ্যা ছিল ২ লাখ ৬০ হাজার জন। গত তিনবছরে ব্যাংকটি রেকর্ড পরিমাণ লাভ করেছে। কিন্তু এরপরও প্রতিষ্ঠানটি তার বাত্সরিক ব্যয় অন্ততপক্ষে ১শ’ কোটি ডলার কমিয়ে আনতে চাইছে।