সংবাদ কণিকা

সোনিয়াকে নিয়ে নিশ্চুপ শারদ সোনিয়া গান্ধী সম্পর্কে মন্তব্য করা থেকে কৌশলে বিরত থাকলেন এনসিপি (ন্যাশনাল কংগ্রেস পার্টি) প্রধান শারদ পাওয়ার। কংগ্রেসের সদর দফতরের ইতিহাস সম্পর্কে এক বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, অনেকেই হয়তো চাইছেন সোনিয়া গান্ধী সম্পর্কে আমি মন্তব্য করি। কিন্তু আমি তা করব না। কারণ, এটি করলে ইউপিএ সরকারে অস্থিরতা তৈরি হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে এটাই ইঙ্গিত করে যে, সোনিয়া গান্ধী সম্পর্কে তার অবস্থানের কোন পরিবর্তন হয়নি। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল শিন্দে উপস্থিত ছিলেন। —আনন্দবাজার পত্রিকা কিশোরীকে ১শ’ দোররা অবৈধ যৌন সঙ্গমের দায়ে মালদ্বীপে ১৫ বছরের এক কিশোরীকে ১শ’ দোররা ও ৮ মাসের গৃহবন্দী করে রাখার নির্দেশ দিয়েছে সে দেশের আদালত। বুধবার দেশটির কিশোর অপরাধ আদালত এ রায় ঘোষণা করে। রায়ে বলা হয়, বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে তার বিরুদ্ধে এ শাস্তির আদেশ দেয়া হলো। আদালতের রেজিস্ট্রার জানান, ওই কিশোরী যদি সম্মত হয়, তাহলে তার বিরুদ্ধে শাস্তি (দোররা) এখনই দেয়া যেতে পারে অথবা তার ১৮ বছর পূর্ণ হবার পর এই রায় কার্যকর হবে। দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, কিশোরীকে ‘অপরাধী’ সাব্যস্ত করা হলেও তার পুরুষসঙ্গীকে শনাক্ত করা হয়েছে কিনা অথবা তার বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা এখনও অপরিষ্কার।—সিএএনএন কেনিয়ায় দুর্ঘটনায় নিহত ৩৫ কেনিয়ার পূর্বাঞ্চলীয় মিউইংগি শহরে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩৫ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহতদের অধিকাংশই রাজধানী নাইরোবীতে কাজ করতো এবং তারা সোমবারের অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোট দেয়ার জন্য দেশের বাড়িতে যাচ্ছিল। ফারাহ আদেন নামে বেঁচে যাওয়া এক যাত্রী জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। উল্লেখ্য, দেশটিতে রাস্তাঘাটের জরাজীর্ণ অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এছাড়া সড়কে চলাচলরত পরিবহনগুলোর মানও খুব নিম্নপর্যায়ের।—বিবিসি সুইজারল্যান্ডে গুলিতে নিহত ৩ সুইজারল্যান্ডের লুসার্ন শহরের নিকটবর্তী মেনজনাউতে একটি কারখানায় গুলিতে বন্দুকধারীসহ কমপক্ষে তিনজন নিহত ও সাতজন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার শহরের ক্রোনোস্পান কাঠ প্রক্রিয়াজাত কারখানায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, সকালে শ্রমিকরা একটি ক্যাফেটারিয়ায় যখন নাশতা করছিল তখনই বন্দুকধারী এ হামলা চালায়। হামলাকারী এক সময়ে এ কারখানায় কাজ করতো বলে জানা গেছে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।—বিবিসি ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র ভানুয়াতুতে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। তবে এতে কোন ক্ষয়ক্ষতির আশংকা নেই এবং সুনামি সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ৯ মিনিটে রাজধানী পোর্টভিলার ১০৪ কিলোমিটার পশ্চিমে সমুদ্রপৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে এটি আঘাত হানে। এদিকে অস্ট্রেলিয়ার ভূ-বিজ্ঞান সংস্থা জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯।—এএফপি