ঝিনাইদহের ৪টি ব্রিজ এখন মরণফাঁদ
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০০
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের রাস্তাঘাট ভেঙ্গেচুরে বেহাল দশায় উপনীত হয়েছে। ৪টি ব্রিজ ভেঙ্গে এখন মরণফাঁদে পরিণত হয়েছে। যদিও কর্তৃপক্ষের কোন নজর নেই।
প্রকাশ, এমপি মোড় থেকে বাগুটিয়া বাজার হয়ে ঝিনাইদহ সড়কটি ভেঙ্গেচুরে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে থাকে। বছর ২০ আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ রাস্তাটি নির্মাণ করে। নির্মাণের পর আর মেরামত বা সংস্কার করা হয়নি। রাস্তার পিচ উঠে গেছে। রাস্তাজুড়ে বিভিন্ন স্থানে হাঁটু সমান গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও বাগুটিয়া গ্রামে ২টি, গোপালপুরে ১টি ও সাপখোলাতে ১টি ব্রিজ ভেঙ্গে মরণফাঁদের সৃষ্টি হয়েছে। ব্রিজগুলোতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানায়, ষাটের দশকে পানি উন্নয়ন বোর্ড জিকে সেচ খালের উপর এসব ব্রিজ নির্মাণ করে। তারপর আর সংস্কার বা মেরামত করা হয়নি। রেলিংগুলো দুর্বৃত্তরা ভেঙ্গে রড চুরি করে নিয়ে গেছে। এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
নিত্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস জানান, ইউনিয়নের সড়কগুলোর একেবারেই বেহাল দশা। তিনি বিষয়টি মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাইকে জানিয়েছেন। কিন্তু কোন কাজ হয়নি। এ ব্যাপারে এলজিইডির কর্মকর্তারা বলেন, তহবিলের অভাবে রাস্তা মেরামত করা যাচ্ছে না।