বান্দরবানের পাইনছড়া খালে অবৈধভাবে বালু উত্তোলন

বান্দরবানের বালাঘাটায় পাইনছড়া খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতাদের ছত্রচ্ছায়ায় দিনে-রাতে বালু উত্তোলন করা হলেও নীরব ভূমিকা পালন করছে প্রশাসনসহ সংশ্লিষ্টরা। সরেজমিনে পরিদর্শনকালে শনিবারও জেলা সদরের বালাঘাটাস্থ পাইনছড়া খালের উত্তর বালাঘাটা, চড়ইপাড়া মুখ এবং পুলপাড়া মুখ চারটি পয়েন্টে ২৫/৩০ জন শ্রমিক দিয়ে ক্ষমতাসীন দলের একটি চক্রকে অবাধে বালু উত্তোলন করতে দেখা গেছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে পাইনছড়া খালের ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে দু’পাশের শত-শত একর কৃষি জমি। এদিকে অনুমোদন ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করে বালু উত্তোলনের কাজে নিয়োজিত শ্রমিকদের মাঝি (নেতা) আবু বক্করসহ কয়েকজন শ্রমিক জানান, বিগত কয়েকবছর ধরে তারা পাইনছড়া খাল থেকে বালু উত্তোলন করে আসছে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকরা বালু উত্তোলন করে থাকেন। প্রতিদিন একটি স্থান থেকে ২/৩ গাড়ি করে বালু উত্তোলন করা হয়। আর প্রতি ট্রাক বালু ফুট ৬ টাকা হিসেবে ১২/১৫শ’ টাকায় বিক্রি করেন। জায়গার ভাড়া নেয়ার কথা স্বীকার করে বালাঘাটা বিলকিছ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ শহীদ প্রতিবেদককে জানান, বালু উত্তোলনের বিষয়ে আমি কিছুই জানি না। তবে আমার নামীয় জায়গায় বালু মজুদ করা এবং জায়গার উপর দিয়ে বালুর গাড়ি চলাচল করায় আমি বাত্সরিক ৩০ হাজার টাকা জমি ভাড়া নেই। অপরদিকে বালু উত্তোলনকারী শ্রমিকদের কন্ট্রাক্টর (মাঝি) আশরাফ জানান, গতবছরও বান্দরবান পৌরসভা পাইনছড়া খাল বালু উত্তোলনের জন্য ইজারা দিয়েছিল। ইজারাদার তখন গাড়িপ্রতি ৩/৪শ’ টাকা করে নিতেন। এ ব্যাপারে বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা প্রতিবেদককে জানান, চলতি বছর পাইনছড়া খালটি ইজারা দেয়া হয়নি। আগামী জুনে নতুনভাবে ইজারা দেয়া হবে। বর্তমানে কারা বালু উত্তোলন করছে বিষয়টি আমার জানা নেই।