সিলেটে প্রাথমিক
শিক্ষা ব্যাহত
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৭
শিক্ষক সংকটের কারণে সিলেটে প্রাথমিক শিক্ষা ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি শিশুরা। অন্যদিকে পর্যাপ্ত শিক্ষক না থাকায় অনেক বিদ্যালয়েই যথাযথ পাঠদান চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট থাকলেও এব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে না। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষকদের শূন্য পদ পূরণে দীর্ঘসূত্রতার কারণে ছাত্রছাত্রীদের লেখাপড়ায় এর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই দ্রুততার সাথে শিক্ষক সংকট দূর করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের ১৭৮টি পদ শূন্য রয়েছে। সহকারী শিক্ষকের পদ রয়েছে ৪ হাজার ৭শ’ ৫১টি। এর মধ্যে ৫২টি পদ শূন্য রয়েছে। এছাড়া অনেক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অনুপাতে নতুন শিক্ষক পদ সৃষ্টি জরুরি হলেও নানা জটিলতায় তা হচ্ছে না। শিক্ষা অফিস সূত্র জানায়, নিয়ম অনুযায়ী প্রতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত শিক্ষক বদলির প্রক্রিয়া চালু রয়েছে। আর এই বদলির মাধ্যমে শূন্য পদগুলো পূরণ করা হয়। কিন্তু সিলেটে শিক্ষক স্বল্পতা, চাকরি থেকে পদত্যাগ ইত্যাদির কারণে শূন্য পদগুলো পুরোপুরি পূরণ করা সম্ভব হচ্ছে না। শিক্ষক সংকট প্রসঙ্গে সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী জানান, সরকার এ ব্যাপারে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। প্রতি বছর নতুন শিক্ষক নিয়োগ করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, খুব শিগগির সিলেটের শূন্য পদগুলো পূরণ হবে।