কয়রায় ইটভাটা থেকে সুন্দরবনের কাঠ উদ্ধার
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৩
কয়রায় আংটিহারা কোস্টগার্ড ও বন বিভাগ অভিযান চালিয়ে আনুমানিক ৩ হাজার ঘনফুট সুন্দরবনের গেওয়া কাঠ উদ্ধার করেছে। যার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। আংটিহারা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার রওশান জামিলের নের্তৃত্বে কোস্টগার্ড ও বন বিভাগ গত বুধবার উপজেলার আমাদী ইউনিয়নের জায়গীর মহল গ্রামের আমির আলী ব্রিকস ম্যানুফ্যাকচারিং (এবিএম) ও তার পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে এ সকল কাঠ উদ্ধার করে।
এ ব্যাপারে বানিয়াখালী স্টেশন কর্মকর্তা ইব্রাহিম হোসেন জানান, উদ্ধারকৃত কাঠের ব্যাপারে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। ইটভাটার মালিক আমাদী ইউপি চেয়ারম্যান আমির আলী গাইনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আটককৃত গেওয়া কাঠ সুন্দরবনের গোলপাতা আহরণকারী বাওয়ালীদের নিকট থেকে ক্রয় করা হয়েছে, যার বৈধ পারমিট রয়েছে ।