শেরপুরে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ চার জন নিহত

শেরপুর-ঝিনাইগাতী সড়কের কালিবাড়ি নামক স্থানে কাটাখালি ব্রিজের পাশে গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টায় অটোরিক্সা ও বাসের মুখোমুখি সংর্ঘষে দুই সহোদরসহ ৪ জন নিহত হয়েছে। নিহতরা হলো ঝিনাইগাতী উপজেলার কালিনগর গ্রামের আব্দুল কাদেরের দুইপুত্র মোকছেদুর রহমান (২৫) ও মোরশেদ আলী (১৮), একই গ্রামের বাহাদুর (৩৫) এবং অটোরিক্সা চালক সুরিহারা গ্রামের ফকির আলী (২৫)। নিহত মোরশেদ আলী সম্প্রতি সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের কালিবাড়ি এলাকার কাটাখালি ব্রিজের সন্নিকটে শেরপুরগামী একটি অটোরিক্সাকে ঝিনাইগাতীগামী একটি যাত্রী বিহীন বাস চাপা দিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে একজন, শেরপুর জেলা সদর হাসপাতালে নেয়ার পর ২ জন এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে একজনসহ মোট ৪ জন নিহত হয়। এছাড়া ওই বাসে কোন যাত্রী না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বাস চালক পালিয়ে যায়।