কিশোরগঞ্জে গার্মেন্টস কর্মীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৫
কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ গত বুধবার সকালে হাত-পা বাঁধা অবস্থায় গার্মেন্টস কর্মী জোহরার (২৫) লাশ শহরের নীলগঞ্জ সড়কের একটি বাসা থেকে উদ্ধার করেছে। জোহরা করিমগঞ্জ উপজেলার নানশ্রী গ্রামের সিরাজউদ্দিন সিরু মিয়ার কন্যা। বাসার মালিক মুকসুদুল আমিন ঢাকায় থাকেন। উক্ত বাসার কেয়ারটেকার কামরুলের নিকট থেকে জোহরা ও অজ্ঞাত পরিচয় এক যুবক স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে গত ২৪ ফেব্রুয়ারি দুই হাজার টাকায় দুই রুম ভাড়া নেয়। প্রতিবেশীরা বুধবার সকালে ঘরের দরজা খোলা এবং ভেতর থেকে দীর্ঘক্ষণ কোন সাড়া-শব্দ না পেয়ে উঁকি মেরে জোহরার লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশাররফ হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য বাসার কেয়ারটেকার কামরুলকে আটক করা হয়েছে।