ধুনটে গাছ কাটা বন্ধের দাবিতে বিক্ষোভ

বগুড়ার ধুনট সমন্বিত উন্নয়ন প্রকল্প কর্তৃক রাস্তার ধারে লাগানো দেড় কোটি টাকা মূল্যের গাছ অবৈধভাবে কর্তনের প্রতিবাদে সংস্থার কর্মকর্তা, কর্মচারী ও উপকারভোগী সদস্যরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গত বুধবার উপজেলার মহিশুরা থেকে খাটিয়ামারী বাজার পর্যন্ত দীর্ঘ এক কিলোমিটার রাস্তাজুড়ে মানববন্ধ কর্মসূচি পালন করে। পরে খাটিয়ামারী বাজারে বিক্ষোভ সমাবেশ করে উপকারভোগীরা। সমাবেশ শেষে সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমানের কাছে অবৈধভাবে গাছ বিক্রি বন্ধের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ডিআইডিপির প্রকল্প ব্যবস্থাপক খন্দকার আতিকুল হক স্বাক্ষরিত অভিযোগপত্রে উল্লেখ করেন, ডিআইডিপি ২০ বছর পূর্বে স্থানীয় সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়ে ধুনট উপজেলার ১০টি ইউনিয়নে সরকারি রাস্তার দুই পাশে বৃক্ষ রোপণ করে। সংস্থার সুবিধাভোগী সদস্যগণ গাছগুলো পরিচর্চা করেন। শর্ত ছিল গাছ বিক্রির টাকা থেকে সুবিধাভোগিগণ পাবেন ৬০ ভাগ, স্থানীয় ইউনিয়ন পরিষদ ও ডিআইডিপি পাবে ২০ ভাগ। সম্প্রতি গাছগুলো বিক্রির উপযুক্ত হয়েছে। এ অবস্থায় সংস্থা থেকে ইতিপূর্বে পদত্যাগকারী সংস্থার উপদেষ্টা ব্রাদার উইলিয়াম ও জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেক অবৈধভাবে মথুরাপুর ইউনিয়নের দুইটি রাস্তার দেড় কোটি টাকা মূল্যের ৫৫৫টি গাছ মাত্র ২৪ লাখ টাকায় গোপনে বিক্রি করেছে।