প্রণব মুখার্জি
আসছেন
রবিবার
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৯
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তিনদিনের সফরে আগামী রবিবার ঢাকা আসছেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের আমন্ত্রণে প্রণব মুখার্জির এই সফর। একাত্তরের মুক্তিযুদ্ধে অনন্য ও সমর্থনের অসাধারণ অবদান স্বীকৃতি হিসাবে প্রণব মুখার্জিকে স্বাধীনতা সম্মাননা দেয়া হবে। আগামী ৪ মার্চ সোমবার বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রণব মুখার্জির হাতে তুলে দেয়া হবে।
বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করবেন। অর্থমন্ত্রী এএমএ মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাত্ করবেন। বিএনপি চেয়ারপার্সন ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াও সাক্ষাত্ করবেন। সফরকালে প্রণব মুখার্জিকে সম্মানসূচক ডক্টর অব ল’ ডিগ্রি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এজন্য সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করবে। এছাড়া কর্মসূচি অনুযায়ী প্রণব মুখার্জি নড়াইল যাবেন। সেখানে প্রণব মুখার্জির সহধর্মিণী শুভ্রা মুখার্জির জন্মস্থান পরিদর্শন করবেন। এছাড়া রবীন্দ্র স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ী ও টাঙ্গাইলের মির্জাপুরে ভারতেশ্বরী হোমস ও হাসপাতাল পরিদর্শন করবেন।
জাতীয় সংসদে ভাষণ হচ্ছে না
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রণব মুখার্জি জাতীয় সংসদের একটি অধিবেশনে সংসদ সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেয়ার কথা ছিল। কিন্তু সংসদ সচিবালয় এজন্য পূর্ব প্রস্তুতিও গ্রহণ করে। কিন্তু শেষ পর্যন্ত এ কর্মসূচি বাতিল করা হয়।
শ্বশুর বাড়িতে ৫০ মিনিটের সফর
নড়াইল প্রতিনিধি\ আগামী ৫ মার্চে সস্ত্রীক নড়াইলে শ্বশুরবাড়ি আসছেন ভারতের প্রথম বাঙ্গালী রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। গতকাল বিকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিষয়টি জানান জেলা প্রশাসক মোঃ জহুরুল হক। তিনি জানান, তিনদিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে তিনি তাঁর স্ত্রী শুভ্রা মুখার্জিকে নিয়ে ৫ মার্চ সকাল সাড়ে ১০ টায় হেলিকপ্টার যোগে নড়াইলে এসে পৌঁছাবেন। এদিন সকাল ১০ টা ৫৫ মিনিট থেকে ১১ টা ৪৫ মিনিট পর্যন্ত তিনি তাঁর স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে অবস্থান করবেন। নড়াইলে ৫০ মিনিটের এ সংক্ষিপ্ত সফরে তিনি তাঁর শ্বশুরবাড়ি সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে আত্মীয়-স্বজনের সাথে সময় কাটাবেন। পরে এখান থেকে ১২ টার দিকে তিনি কুষ্টিয়ার শিলাইদহে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির উদ্দেশ্যে নড়াইল ত্যাগ করবেন।
ভারতের বর্তমান ফার্স্ট লেডি ও নড়াইলের সন্তান শুভ্রা মুখার্জী (ঘোষ) নড়াইলের সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে জন্মগ্রহণ করেন। অমরেন্দ ঘোষের সন্তান শুভ্রা ঘোষের জীবনের অনেকটা সময় কেটেছে এ গ্রামে। গ্রামের পাশ দিয়ে প্রবাহিত চিত্রানদী, গ্রামের মাঠ-ঘাট, পুকুরপাড় আর বাড়ির পাশে অবস্থিত মন্দির ছিল শুভ্রার বিচরণ ক্ষেত্র। শুভ্রা মুখার্জির ৪ ভাই ও ৪ বোনের মধ্যে একমাত্র ভাই কানাই লাল ঘোষ বর্তমানে ভদ্রবিলায় বসবাস করছেন। ১৯৫৭ সালের ১৩ জুলাই শুভ্রা মুখার্জির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রণব মুখার্জি। অভিজিত্ মুখার্জি ও সুরজিত্ মুখার্জি নামের দুই ছেলে ও শর্মিষ্ঠা মুখার্জি নামের এক মেয়ে রয়েছে তাঁদের। ১৯৯৫ সালে কন্যাকে নিয়ে নিজ পৈতৃক ভিটা নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে এসেছিলেন শুভ্রা ঘোষ। অনেক দিন পর আবারও আসছেন শৈশবের স্মৃতি মাখা নড়াইলে। আর প্রথমবারের মত নিজ শ্বশুরালয়ে আসছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তাদের আগমনকে ঘিরে নতুনভাবে সেজেছে তার শ্বশুরালয়সহ নড়াইল। তাদের আগমনে শুভ্রা মুখার্জির ভাই কানাই লাল ঘোষের সাথে একই ভাবে আনন্দিত নড়াইলবাসি।