কোটা পদ্ধতির প্রশাসন
দিয়ে দেশের উন্নয়ন
সম্ভব নয়
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৮
সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহম্মদ হাবিবুর রহমান বলেছেন, কোটা পদ্ধতির প্রশাসন দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের চারদশক পূর্তি ও সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তৃতীয় সম্মেলনে ভাষণদান কালে তিনি এ কথা বলেন। তিনি মেধার মূল্যায়নের পরিবর্তে বিভিন্ন কোটা পদ্ধতির মাধ্যমে প্রশাসনিক পদে নিয়োগের সমালোচনা করেন।
গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নীলুফার সুলতানা এতে সভাপতিত্ব করেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাবিবুর রহমান।
হাবিবুর রহমান বলেন, সামাজিক উন্নয়নে সমাজবিজ্ঞানীদের অবদান অসীম। একবিংশ শতাব্দীতে তরুণদের পড়ালেখার প্রধান বিষয় ৃহতে পারে সমাজবিজ্ঞান। মানবসমাজের আবির্ভাব, অভিব্যক্তি ও উন্নয়ন সম্পর্কে জানতে হলে শিক্ষার্থীদের সমাজবিজ্ঞানে উচ্চতর গবেষণায় আত্মনিয়োগ করতে হবে।
এতে সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন স্বাগত ও প্রফেসর কাজী তোবারক হোসেন শুভেচ্ছা বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সহ-সমন্বয়ক মো. লিয়াকত আলী লিকু। সকাল সাড়ে ৮টায় মমতাজ উদ্দিন কলাভবন চত্বরে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনে প্রফেসর কাজী তোবারক হোসেনের সভাপতিত্বে ‘জাতীয় উন্নয়নে সমাজবিজ্ঞানীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারেও প্রধান অতিথি ছিলেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। এছাড়া ড. আহমদ সালাহুদ্দিন (ইরি), প্রফেসর ড. ওয়ারদাতুল আকমাম (সমাজবিজ্ঞান, রাবি), মো. সারওয়ার-ই-কামাল (নির্বাহী প্রধান, সিসিবিভিও), প্রফেসর ড. সুলতানা মোস্তাফা খানম ও মো. তৌফিকুজ্জামান (সমাজবিজ্ঞান, রাবি) আলোচনায় অংশ নেন।
সম্মেলনের দ্বিতীয় দিন আজ শুক্রবারের কর্মসূচিতে রয়েছে ক্যারিয়ার কাউন্সেলিং ও মুক্ত আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্রানুষ্ঠান, সমাজবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্র সংশোধন ও এসোসিয়েশনের কর্মপরিকল্পনা নির্ধারণ ইত্যাদি।