স্পোর্টস ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে ইতালিয়ান সিরি আ’তে তোরিনোর বিপক্ষে হার এড়িয়েছে চ্যাম্পিয়ন জুভেন্তাস। নগর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রি নিজের কৌশলের পক্ষে সাফাই গাইলেন।
শুক্রবার নিজেদের মাঠে তুরিন ডার্বির ১৮ মিনিটেই পিছিয়ে পড়ে জুভেন্তাস। সাসা লুকিচের গোলটির পর খেলা যখন শেষের দিকে এগোচ্ছিলো, ২৪ বছর পর নগর প্রতিদ্বন্দ্বী জুভেন্তাসের বিপক্ষে জয়ের আশা ক্রমেই উজ্জ্বল হচ্ছিলো তুরিনোর। তবে ৮৪তম মিনিটে লিওনার্দো স্পিনাজ্জোলার ক্রসে মাথা ছুঁইয়ে জুভেন্তাসকে সমতায় ফিরিয়ে নগর প্রতিদ্বন্দ্বীদের সে আশায় পানি ঢালেন রোনালদো।
আয়াক্সের বিপক্ষে নিজেদের মাঠে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিলো অ্যালেগ্রির দল। সেই হারটির পর রক্ষণাত্মক কৌশলের জন্য সমালোচনা শুনতে হয়েছিলো ইতালীয় এই কোচকে। এবার তুরিন ডার্বিতেও তার দল ড্র করে সে সমালোচনার আগুনে ঘি ঢাললো।
তবে অ্যালেগ্রি আত্মপক্ষ সমর্থন করতে চাইলেন। নিজের কৌশলের পক্ষে তিনি বলেন, ‘শনিবার রাতে যা ঘটেছে তাতে আমি হতাশ। কিন্তু মাঠে যা ঘটেছে তার কথাই এখানে বলতে এসেছি। স্বীকার করছি যে, সবকিছুকেই ফেলনা হিসেবে গণ্য করতে পারি না আমি।’
তিনি আরও বলেন, ‘ফুটবল কোনোপ্রকারের বিজ্ঞান নয়। না হয় ২০১৮ সালে ৩৮ শতাংশ বলের দখল নিয়েও রিয়াল মাদ্রিদের বিপক্ষে আমাদের ৩-১ ব্যবধানের জয় কিংবা বল দখলে এগিয়ে থেকেও আয়াক্সের বিপক্ষে আমাদের হারকে ব্যাখ্যা করতে পারতেন আপনি।’
ইতালীয় এই কোচ জানান, যে কোনো মূল্যে ম্যাচের ফলাফল দলের অনুকূলে আনাই তার কাজ। অ্যালেগ্রির ভাষায়, ‘লোকজন আমাদের ফুটবলের ধরনকে সমালোচনা করতে পারে। কিন্তু একজন কোচের কাজ হচ্ছে ক্লাবের জন্য ফলাফল অনুকূলে আনা।’
আয়াক্সের বিপক্ষে হারটির আগে দলের অসাধারণ পারফর্মেন্সকেও মনে করিয়ে দেন অ্যালেগ্রি। তিনি বলেন, ‘ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাটলেটিকো মাদ্রিদে আমরা দারুণ তিনটি ম্যাচ খেলেছিলাম। আমি মনে করি ম্যানইউর বিপক্ষে নিজেদের সেরাটা ঢেলে দিয়েছিলাম আমরা। কিন্তু ম্যাচটা হেরে যাওয়ায় কেউ তা মনে রাখেনি।’
তিনি আরও বলেন, ‘আমি ভাগ্যবান যে জুভেন্তাস ও মিলানের মতো দলের কোচিং করিয়েছি। এরা সম্পূর্ণ ভিন্ন ডিএনএ সম্পন্ন দুটি ক্লাব। তাই আপনি এখানে বার্সেলোনা কিংবা বায়ার্ন মিউনিখের কৌশল অবিকল অনুসরণ করতে পারেন না।’