দুর্যোগ ঝুঁকি হ্রাসকল্পে কর্মশালা

দুর্যোগ ঝুঁকি হ্রাসকল্পে ব্র্যাকের উদ্যোগসমূহ অবহিতকরণ বিষয়ে সমপ্রতি পিরোজপুরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে জরুরি সাড়াদানে প্রাতিষ্ঠানিক ও কমিউনিটি পর্যায়ে সক্ষমতা বৃদ্ধিসহ দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণে কমিউনিটি পর্যায়ে সচেতনতা ও সামর্থ্য বৃদ্ধি করা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জলবায়ু পরিবর্তনজনিত সম্ভাব্য দুর্যোগে পূর্বাভাস বিশ্লেষণ, তথ্য আদান-প্রদানের মাধ্যমে অভিযোজন ও সক্ষমতা বৃদ্ধি করা- ব্র্যাকের এ তিনটি লক্ষ্য নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়। এ ছাড়া তাদের তিনটি পদক্ষেপ যথা- প্রতিরোধমূলক ব্যবস্থা, দুর্যোগ পরবর্তী পদক্ষেপ ও সম্পাদিত ব্যবস্থা কর্মশালায় উপস্থাপন করা হয়। এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. নূরুল আমিন। ব্র্যাকের দুর্যোগ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কর্মসূচির আয়োজনে এবং পিরোজপুর জেলা প্রশাসনের সহায়তায় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অনল চন্দ্র দাস। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় পাওয়ার পয়েন্ট কীনোট উপস্থাপন করেন ব্র্যাকের প্রোগ্রাম স্পেশালিস্ট ড. মো. সুলতানুল ইসলাম, মঈনউদ্দিন আহমেদ ও স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিনিধি ফিরোজ ভুঁইয়া।