আর্চারি বিশ্বকাপ
স্পোর্টস রিপোর্টার
আর্চারি বিশ্বকাপের দ্বিতীয় স্তরে দলগত রিকার্ভে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে গতকাল চীনের সাংহাই গেছে ১০ সদস্যের বাংলাদেশ দল। জুনে নেদারল্যান্ডসে অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবেই এতে অংশ নিচ্ছে বাংলাদেশের আর্চাররা।
আগামীকাল শুরু হয়ে ১২ মে পর্যন্ত চলবে এই আসর। গতকাল শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারী ফেডারেশনের সহ-সভাপতি মো. আনিসুর রহমান, সিটি গ্রুপের সিনিয়র ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার রুবাইয়াত আহমেদ, সহকারী সাধারণ সম্পাদক রশিদুজ্জামান সেরনিয়াবাত ও জাতীয় আর্চারী দলের কোচ মার্টিন ফ্রেডেরিখ।
চীনের এই আসরে রিকার্ভ বিভাগে রুমান সানা, তামিমুল ইসলাম, হাকিম আহমেদ রুবেল, ইমদাদুল হক মিলন ও বিউটি রায় এবং কম্পাউন্ড বিভাগে অসীম কুমার দাস ও সুস্মিতা বণিক মোট সাতটি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদের মধ্যে রুবেল ও সুস্মিতা প্রথমবারের মত বিশ্বকাপে খেলতে যাচ্ছেন।
বিশ্বকাপে বাংলাদেশ দলের এটি দ্বিতীয় অংশগ্রহণ। গেল বছর জার্মানীর বার্লিনে অনুষ্ঠিত বিশ্বকাপের চতুর্থ পর্যায়ে প্রথমবারের মতো অংশ নিয়েছিলেন রুমান সানারা। সেবার রিকার্ভ পুরুষ এককে ১৩৬ জন প্রতিযোগীর মধ্যে ১৭তম হয়ে প্রতিযোগিতা শেষ করেছিলেন রুমান। দলগত রিকার্ভে রুমান, ইমদাদুল হক মিলন ও ইব্রাহিম শেখ রেজোয়ানরা দখল করেছিলেন ১৭তম স্থান।
কোচ মার্টিন জানিয়েছেন তারা এবারের আসরে গেলবারের চেয়ে ভালো ফলাফল করতে চান। চীনে অনুষ্ঠেয় এ আসরে অংশ নিতে যাচ্ছে প্রায় ৪০টির মতো দেশ। তাই কোচ মার্টিন ফ্রেডেরিখ একে কঠিন এক পরীক্ষা হিসেবেই দেখছেন।
জার্মান এই কোচের ভাষায়: ‘শেষবারের আসরে দলগত রিকার্ভে পুরুষ দল ১৭তম হয়েছিলো। এবার অবশ্যই এর চেয়ে ভালো করতে চাই আমরা। এই ইভেন্টে কোয়ার্টার ফাইনালই হবে আমাদের লক্ষ্য। এটা অর্জন করাটা দারুণ ব্যাপার হবে।’ তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া, ফ্রান্স, নেদারল্যান্ড দারুণ সব দল নিয়ে আসছে। আর্চারিতে সবচেয়ে শক্তিশালী মহাদেশ এশিয়ার উত্তর কোরিয়া, চীনা তাইপে, ভারত ও জাপানের মতো দল আসছে এখানে। তাই এখানে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন কঠিনই হবে। আমরা আমাদের লক্ষ্য অর্জনে সামর্থ্যের সবটুকু ঢেলে দেবো।’
সাম্প্র্রতিক সময়ে আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চারি ও এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে আর্চাররা দারুণ পারফর্ম করে। তারপরও চীনের বিশ্ব আসরে কিছুটা ছোট বহর নিয়েই যাচ্ছে বাংলাদেশ। এর কারণ হিসেবে কোচ জানান, সংখ্যার চেয়ে খেলোয়াড়ের মানের দিকেই নজর দিচ্ছেন তারা।