লাওসের আগে বিদেশে প্রস্তুতি ম্যাচ

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ফুটবল দল এশিয়ান কাপ এবং কাতার বিশ্বকাপ বাছাইয়ের খেলায় অংশগ্রহণ করতে লাওস যাবে। ৬ জুন লাওসের বিপক্ষে প্রথম ম্যাচ এবং ১১ জুন ফিরতি ম্যাচ ঢাকায় হবে। লাওস ম্যাচে বাংলাদেশের ফুটবলে বাঁচা-মরার লড়াই। এই ম্যাচের উপর নির্ভর করছে পরবর্তী রাউন্ডের বাছাইয়ে যাওয়ার।

বাঁচা-মরার লড়াইয়ে টিকে থাকার জন্য বাফুফে ফুটবলারদের প্রস্তুতির জন্য আরো কড়া নজর দিচ্ছে। লাওস যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছেন দলের বৃটিশ কোচ জেমি ডে। বাফুফের স্ট্র্যাটেজিক ডাইরেক্ট অস্ট্রেলিয়ান পল থমাস স্মলী গতকাল বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বাফুফে সভাপতি জানিয়েছেন বিদেশে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলা হবে। কোথায় যাবে কার বিপক্ষে খেলবে সেটি নির্ধারণ না হলেও জানা গেছে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এদের মধ্যে যে কোনো একটি দেশের বিপক্ষে বাংলাদেশ দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সেখান থেকে ফুটবলাররা লাওস চলে যাবেন। বাফুফে সভাপতি জানিয়েছেন বিশ্বকাপ প্রাক বাছাই নিয়ে ফেডারেশনের টেকনিক্যাল লোকজন পরিকল্পনা করছে। ভালো প্রস্তুতির জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এক-দেড় কোটি টাকা লাগবে প্রস্তুতির জন্য, সেটা নিয়ে কাজ করছি আমরা। আমরা চেষ্টা করছি। যা কিছু করার দরকার করে দিচ্ছি। এখন গোল করার দায়িত্ব আমাদের না; কিন্তু মাঠে খেলতে হবে ফুটবলারদের।’ এমাসেই জেমি ডে ঢাকায় ফিরবেন বলে জানিয়েছে বাফুফে।