লা লিগায় ফিরতি এল ক্লাসিকো আজ
বার্সার পাল্টা আঘাতের শঙ্কায় ক্যাসিয়াস
প্রকাশ : ০১ মার্চ ২০১৩, ২০:৩৫
লা লিগায় আজ শনিবার
রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা
ডির্পোটিভো লা করুনা-রায়ো ভায়েকানো
ওসাসুনা-অ্যাথলেটিক বিলবাও
ভ্যালেন্সিয়া-লেভান্তে
রবিবার
গ্রানাডা-মার্য়োকা
এস্পানিয়ল-রিয়াল ভ্যালাডোলিড
মালাগা-অ্যাতলেটিকো মাদ্রিদ
রিয়াল সোসিদাদ-রিয়াল বেটিস
সোমবার
সেভিয়া-সেল্টা ভিগো
রিয়াল মাদ্রিদের অধিনায়ক ইকার ক্যাসিয়াসের আশংকা আজ শনিবার লা লিগার খেলায় দুই স্পানিশ জায়ান্ট যখন মুখোমুখি হবে সে সময় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার দিক থেকে তাদের কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে। গত মঙ্গলবার কোপা ডেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের কাছে নিজ মাঠে বার্সেলোনার ৩-১ গোলের হারটির কারণেই ক্যাসিয়াস এমন ধারণা করছেন।
স্প্যানিশ চ্যাম্পিয়নরা দারুণ নৈপুণ্য দেখিয়েই কোপা ডেল রের ফাইনালে পৌঁছে যায়। বার্সার আক্রমণভাগকে সে ম্যাচে খুব একটা সুবিধা করতে দেয়নি সফরকারীরা। সঙ্গত কারণেই আগের ম্যাচের হারের শোধ নিতে দৃঢ়-প্রতিজ্ঞ থাকবে জর্দি রৌরার দল। তাছাড়া ক্যাসিয়াস প্রতিপক্ষ দলে থাকা তার জাতীয় দলের কয়েকজন সতীর্থকে হাতের উল্টো পিঠের মতই চেনেন। তিনি জানেন এই খেলোয়াড়রা হারটিকে ভুলে যাবেন না। ক্লাবের ওয়েবসাইটকে ক্যাসিয়াস বলেন, ‘বার্সেলোনার কয়েকজন খেলোয়াড়কে আমি জানি এবং বুঝি তারা কতটা লড়াকু।’
বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার লা লিগার প্রথম লড়াইটি শেষ হয়েছিল ২-২ গোলে। কোপা ডেল রেতে রিয়াল মাদ্রিদ সফল হতে পারে। তবে বার্সেলোনার খেলোয়াড়রা আজ যখন স্প্যানিশ রাজধানীতে যাবেন সে সময় স্বাগতিকদের চাইতে ১৬ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকবেন। চলতি মৌসুমে অপ্রতিরোধ্য হিসেবে আবির্ভূত হওয়া বার্সেলোনা বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলে এক নম্বরে আছে।
রিয়াল মাদ্রিদকে চলতি সপ্তাহে আরো একটি বড় লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। ওল্ড ট্র্যাফোর্ডে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে অনুষ্ঠেয় এই খেলাটিতে মরিনহো কিছু পরিবর্তন আনতে পারেন হয়তো। ক্যাসিয়াস বিশ্বাস করেন ওল্ড ট্র্যাফোর্ডে যাত্রার আগে গুরুত্বপূর্ণ হলো ইতিবাচক থাকা।
প্রথম লেগে দুদলের লড়াই ১-১ গোলে শেষ হয়। ফিরতি খেলার প্রাক্কালে তাই ক্যাসিয়াস বলেন, ‘আমাদের দায়িত্ব প্রতিটি খেলায় লড়াই করা এবং পরবর্তীটি হচ্ছে বার্সেলোনার বিপক্ষে। শীর্ষস্থানের সাথে ব্যবধান কমাতে আমরা নিয়মিতই জয় চাই। এটা এমন এক প্রতিযোগিতা যেখানে ধারাবাহিকতায় পুরস্কার মেলে এবং বার্সেলোনা আমাদের থেকে ভাল করেছে। এই এগিয়ে থাকাটা বিবেচনায় আনতে হবে। কিন্তু আমাদের পিছনে যদি সমর্থন থাকে এই সপ্তাহের শেষে ভাল কিছু আশা করা যায়।’
ক্যাসিয়াসের হাতের হাড় ভেঙে যাওয়ায় তার চিকিত্সা চলছে। এখনো সেরে ওঠেননি। তাই তিনি আজ খেলতে পারছেন না। অন্যদিকে অ্যাঞ্জেল ডি মারিয়া গত সপ্তাহে ডিপোর্টিভো লা করুনার ম্যাচে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়ায় নিষিদ্ধ থাকবেন আজকের ম্যাচে। ওই ম্যাচটিতে মাদ্রিদ ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছিল। ফলে আজকের ম্যাচে মরিনহো সুযোগ দিতে পারেন পেপ, লুকা মড্রিক, কাকা এবং করিম বেনজেমাকে। গত মঙ্গলবার সবাই বেঞ্চ থেকে পরে মাঠে নেমেছিলেন।
বার্সেলোনা শুধু রিয়াল মাদ্রিদের কাছেই ধাক্কা খায়নি। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে এসি মিলানের কাছেও তারা ২-০ গোলে হেরে যায়। তবে বার্সেলোনার মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা বলেন, ‘আমাদের এই দুটি ম্যাচ নিয়ে ভাবনা-চিন্তার দরকার রয়েছে। আমরা কিভাবে ভাল করেছি আর কিভাবে উন্নতি করা যায়। আমাদের চেতনায় ফিরতে হবে। ভুলে গেলে চলবে না আমরা লিগের নেতৃত্বে রয়েছি এবং শনিবার আমাদের আরো একটি কঠিন লড়াই বার্নাব্যুতে। আমাদের প্রয়োজন চেষ্টা করা এবং নেতৃত্ব ধরে রাখা।’
বার্সেলোনার জন্য দুঃসংবাদ শেষ হচ্ছে না, কারণ লিওনেল মেসি জ্বরের কারণে গত বুধবার অনুশীলনে আসতে পারেননি। চ্যাম্পিয়ন্স লিগে বার্সার ফিরতি লেগ ১২ মার্চ ন্যু ক্যাম্প। ম্যানেজার রৌরা তাই মরিনহোর মতো খেলোয়াড় ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর চাপে নেই। তবে মেসি যদি ফিট থাকেন সেক্ষেত্রেও ডেভিড ভিয়াকে মূল একাদশে নামানোর দাবি জোরালো। তেমনটা হলে অবশ্য বাদ পড়বেন সেসক ফ্যাব্রেগাস। জাভি ও অ্যালেক্স সং বুধবার অনুশীলনে না আসলেও আজ তারা ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।