গিগসের হাজারতম ম্যাচ আজ
প্রকাশ : ০১ মার্চ ২০১৩, ২০:৩৬
রায়ান গিগস আজ ইংলিশ প্রিমিয়ার লিগে নরউইচ সিটির বিপক্ষে মাঠে নামলেই বিরল এক রেকর্ডের মালিক হয়ে যাবেন। এ খেলাটির সুবাদে সিনিয়র ফুটবলে রেকর্ড ১০০০তম ম্যাচের সামনে দাঁড়িয়ে বর্তমানে ৩৯ বছর বয়সী এই ফুটবলার। মাইলফলকটি স্পর্শ করার আগে অভিজ্ঞ এই উইঙ্গার গতকালই ইউনাইটেডের সাথে আরো এক বছরের জন্য চুক্তি করেছেন।
চলতি সপ্তাহে প্রিমিয়ারশিপের খেলাগুলোকেও ছাপিয়ে গেছে গিগসের সম্ভাব্য অর্জনের ঘটনা। নইলে আগামীকাল রবিবার টটেনহ্যাম ও আর্সেনালের খেলাটিও বাড়তি নজর কাড়বে। পঞ্চম স্থানে থাকা আর্সেনালের লক্ষ্য এখন চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনে শীর্ষ চারের মধ্যে থাকা। এ নিয়ে তাদের সাথে লড়াইয়ে আছে চেলসিও যারা আজ খেলবে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের সাথে।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের এক নম্বরে অবস্থান করা ম্যানচেস্টার ইউনাইটেড গতকাল জানায়, ২০১৪ সালের জুন পর্যন্ত গিগস থাকছেন। সিনিয়র ফুটবলার হিসাবে গিগস ওয়েলসের পক্ষে ৬৪টি, ইউনাইটেডের হয়ে ৯৩১টি এবং লন্ডন অলিম্পিকে ব্রিটেনের হয়ে চারটি ম্যাচ খেলেছেন। ইউনাইটেডের হয়ে রেকর্ড ম্যাচ খেলার সাথে সাথে তিনি রেকর্ড সিনিয়র ফুটবলার হিসাবে ১৬৮টি গোলও করেন।
স্যার অ্যালেক্স ফার্গুসন ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েবসাইটে খেলোয়াড়টি সম্পর্কে বলেন,‘রায়ান সম্পর্কে আমি কি বলতে পারি,তার সম্পর্কে কি বলা হয়ে যায়নি ? সে অসাধারণ খেলোয়াড় এবং আলাদা রকমের মানুষ। রায়ান আমাদের সবার জন্য উদাহরণস্বরূপ।’ গিগস ১৯৯০ সালে ইউনাইটেডের সাথে চুক্তিবদ্ধ হন। অভিষেক হয়েছিল তার ২ মার্চ ১৯৯১ সালে। ২৩টি মৌসুম তিনি কাটিয়েছেন রেড ডেভিলদের সাথে। ইউনাইটেড আজ শনিবার ওল্ট ট্রাফোর্ডে নরউইচ সিটির মোকাবেলা করবে। ফার্গুসনের দলের লক্ষ্য প্রিমিয়ার লিগে ১৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাওয়া। রেড ডেভিলরা ২৭ খেলা শেষে ৬৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে। দ্বিতীয়স্থানে থাকা নগড় প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি এখন ১২ পয়েন্ট ব্যবধানে পেছনে রয়েছে। ইউনাইটেড চাইবে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে নিজ মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফিরতি লেগের আগে এই ম্যাচে ভাল ফলাফল আনতে। প্রথম লেগে ইউনাইটেড ও মাদ্রিদের লড়াই শেষ হয়েছিল ১-১ গোলে ড্রয়ে।
ম্যানচেস্টার সিটি সোমবার অ্যাস্টন ভিলার মোকাবেলা করবে। অন্যদিকে কাল স্বাগতিক টটেনহ্যামের মুখোমুখি হবে আর্সেনাল। গানাররা ৪৭ পয়েন্ট নিয়ে পাঁচে এবং টটেনহ্যাম ৫১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে। চার নম্বরে থাকা চেলসির প্রতিপক্ষ আজ ওয়েস্টব্রুমউইচ আলবিয়ন।
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ
চেলসি-ওয়েস্টব্রুমউইচ আলবিয়ন
এভারটন-রিডিং
ম্যানচেস্টার ইউনাইটেড-নরউইচ সিটি
সাউদাম্পটন-কুইন্স পার্ক রেঞ্জার্স
স্টোক সিটি-ওয়েস্টহ্যাম ইউনাইটেড
সান্দারল্যান্ড-ফুলহ্যাম
সোয়ানসি সিটি-নিউ ক্যাসল
উইগান-লিভারপুল
রবিবার
টটেনহ্যাম-আর্সেনাল
সোমবার
অ্যাস্টন ভিলা-ম্যানচেস্টার সিটি