টেস্ট ম্যাচের পিচ পর্যবেক্ষণ

আইসিসি’র প্রতি মিয়াদাদের আহবান

বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে টেস্ট ক্রিকেটের জন্য নির্মিত পিচের বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন পাকিস্তান কিংবদন্তী জাভেদ মিয়াদাদ। তিনি মনে করেন গুণগত মানসম্পন্ন পিচ নির্মাণে আইসিসি’র নজর দেয়া উচিত। টেস্ট ক্রিকেট পুরো বিশ্বেই খেলোয়াড়দের জন্য শিক্ষণীয় বিষয় বলে মত দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালনরত মিয়াদাদ। তার মতে সামপ্রতিক সময়ে টেস্টের জন্য ব্যবহূত কিছু কিছু পিচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট এগিয়ে নেয়া সম্ভব নয়। মিয়াদাদ বলেন, ‘একজন সাবেক টেস্ট খেলোয়াড় হিসেবে আমি বলতে পারি যে, এমনকি দক্ষিণ আফ্রিকায় যে পিচে পাকিস্তান দল খেলেছে সেটাতেও অনেক বেশি বাউন্স ছিলো। দক্ষিণ আফ্রিকার এমন শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধে এমন ধরনের পিচে মানিয়ে নেয়াটা কত কঠিন আমি তা বুঝতে পারছি।’ সামপ্রতিক সময়ে ভারতেও একই ধরনের কিছু পিচে সফরকারীদের কঠিন পরীক্ষা দিতে হয়েছে উল্লেখ করে মিয়াদাদ বলেন, ভিন্ন ধর্মী উইকেট খেলার চ্যালেঞ্জ নিতে আমি নিজে সব সময় পছন্দ করতাম। কিন্তু টেস্ট ক্রিকেট এগিয়ে নিতে আদর্শ পিচ নির্মাণ নিশ্চিত করতে হবে স্বাগতিক বোর্ডকে।’ তার আরো মত, ‘ভালো টেস্ট পিচে ম্যাচের শুরু থেকেই পেস ও বাউন্স থাকবে যাতে পেসাররা প্রথম দিকে সহায়তা পাবে এবং পরবর্তীতে স্পিনাররা সহায়তা পাবে। সামপ্রতিক সময়ে পুরো বিশ্বেই টেস্ট ক্রিকেটের জন্য নির্মিত পিচগুলো আইসিসি গভীরভাবে পর্যবেক্ষণ করছে— এমনটি দেখতে পেলেই একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমি খুশী হবো।’ তিনি আরো বলেন, ‘স্বাগতিক দল অবশ্যই একটি সুবিধা পাবে। তবে স্বাগতিক দলকে কতটা সুবিধা দেয়া যেতে পারে সে বিষয়টি কাউকে গভীরভাবে নজরে রাখতে হবে।’