মেক্সিকান ওপেনের শেষ চারে নাদাল
প্রকাশ : ০১ মার্চ ২০১৩, ২০:৩৭
লিওলার্দো মেয়ারকে সরাসরি সেটে হারিয়ে মেক্সিকান ওপেনের সেমিফাইনালে উঠে গেছেন রাফায়েল নাদাল। শেষ আটের লড়াইয়ে গত বৃহস্পতিবার মেয়ারকে ৬-১,৭-৫ গেমে হারান তিনি।
হাটুর ইনজুরি কাটিয়ে কোর্টে ফিরে গত মাসে ব্রাজিল ওপেন জেতেন নাদাল; সেটা ছিল সর্বশেষ সাত মাসে তার প্রথম শিরোপা। শিরোপা জয়ের পরে নাদাল বলেন, ব্রাজিল থেকেই আবার তিনি সবকিছু নতুনভাবে শুরু করতে চান। সে লক্ষ্যে যে ঠিক পথেই এগোচ্ছেন তিনি, তার প্রমান গত বৃহস্পতিবার আবারো দিলেন তিনি।
জয়ের পরে নাদালকে অবশ্য বেশী কথা বলতে হলো তার পরবর্তী ম্যাচ নিয়েই। যেখানে তার প্রতিপক্ষ হবেন স্বদেশী স্প্যানিয়ার্ড নিকোলাস আলমেগ্রো। নাদালের কথায় অবশ্য মনে হলো এ ম্যাচে জয় পরাজয় নিয়ে একদমই চিন্তিত নন।
ইনজুরি থেকে ফিরে আবারো খেলাটাকে উপভোগ করতে পারাকেই মূল কথা ভাবছেন একসময়ের এই বিশ্বসেরা তারকা। তাছাড়া চোটাক্রান্ত হাটুর অবস্থাও আগের চেয়ে ভাল অনুভব করছেন বলে বললেন, ‘এখনো পর্যন্ত (ইনজুরি থেকে ফেরার পরে) আমি তিনটি সেমিফাইনালে খেলেছি। নি:সন্দেহে এটি খুশির খবর এবং তার চেয়েও আনন্দের ব্যাপার এই যে আমার সেরা তিনটি ম্যাচই আমি এখানে খেলেছি। আমার মনে হয় আগামীকাল (আজ) কি হচ্ছে সেটি নিয়ে আমার উদ্বিগ্ন হবার কিছু নেই। আমি ফাইনালে খেলি কিংবা খুশি মনে আরেকটি টুর্নামেন্টে খেলতে যাই; এগুলোর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার হাটু আগের চেয়ে ভাল বোধ করছি।’
তবে আলমেগ্রোর সাথে তার আগের রেকর্ড ঘাটলে অবশ্য আশাবাদী হতেই পারেন নাদাল। আট বার মুখোমুখি হয়ে প্রতিবারই আলমেগ্রোকে হারিয়েছেন তিনি।
তবে দারুণ ফর্মে আছেন আলমেগ্রোও। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে হোরাসিও জেবালোসকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে সেমি ফা্ইনালে পৌছান আলমেগ্রো।
ওদিকে দিনের অন্য ম্যাচে পাওলো লোরেঞ্জিকে ৬-৩, ৬-১ গেমে হারিয়ে শেষ চারে পা রেখেছেন টুর্নামেন্টের এক নম্বর বাছাই ডেভিড ফেরারও। সেখানে তার প্রতিপক্ষ হবেন ফ্যাবিও ফগনিনি।