মাদারীপুরের ৫ ডাকঘরের নিজস্ব ভবন নেই

জেলার ৫টি গুরুত্বপূর্ণ ডাকঘরের নিজস্ব ভবন নেই। বিভাগীয় ভবন না থাকায় ভাড়া করা গৃহে চলে আসছে ডাকঘরের কাজ। ৫টির মধ্যে ৩টি রয়েছে সাব-পোস্ট অফিস ও ২টি রয়েছে ইডিএসও। সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা সদরের পুরান বাজার সাব-পোস্ট অফিসটি দীর্ঘদিন ভাড়া করা গৃহে চলে আসছে। এক সময়ের বাংলার ডান্ডি বলে খ্যাত চরমুগরিয়া বন্দরের সাব-পোস্ট অফিসটি চলে আসছে ভাড়া করা একটি জরাজীর্ণ ভবনে। রাজৈর উপজেলার খালিয়া সাব-পোস্ট অফিসটি নদী বন্দর টেকেরহাটে অবস্থিত। দীর্ঘদিনে গুরুত্বপূর্ণ এই ডাকঘরটির নিজস্ব ভবন নির্মিত হয়নি। এদিকে সদর উপজেলা সদর কুলপদ্দিতে অবস্থিত। কুলপদ্দি ইডিএসওটির সাব-পোস্ট অফিসে উন্নীত করার দাবি অনেকদিনের। বর্তমানে জরাজীর্ণ ভাড়া করা একটি গৃহে ডাকঘরটির কাজ চলে আসছে। দীর্ঘদিনেও নিজস্ব ভবন নির্মিত হয়নি। কালকিনি উপজেলার সাহেবরামপুর ইডিএসও’র নিজস্ব জমি না থাকায় আজও বিভাগীয় ভবন নির্মিত হয়নি।