ভুল ডাটাবেজ প্রকাশে
শালিখার মুক্তিযোদ্ধাদের
ক্ষোভ
শালিখা (মাগুরা) সংবাদদাতা
প্রকাশ : ০১ মার্চ ২০১৩, ২০:৩৯
মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত ডাটাবেজ তৈরির লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে শালিখা উপজেলার ১১৭ জন মুক্তিযোদ্ধার নামের একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। উক্ত তালিকায় অসংখ্য ভুল থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সেখানকার মুক্তিযোদ্ধারা । ২০০৪ সালে মন্ত্রণালয় থেকে প্রকাশিত গেজেটে মুক্তিযোদ্ধাদের নামের তালিকায় অসংখ্য ভুল থাকায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের সাময়িক সনদপত্র পেতে মাসের পর মাস ধর্ণা, হয়রানি, আর্থিক ও মানসিক ক্ষতি ছাড়াও গলা ধাক্কা খাওয়ার মত ঘটনার শিকার হতে হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নামের ভুল সংশোধন করতে না পেরে অনেক মুক্তিযোদ্ধা ভাতা প্রাপ্তিসহ তাদের সন্তানদের শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সরকার ঘোষিত কোটা থেকে বঞ্চিত হয়েছে। এ ভুলের সুযোগে মন্ত্রণালয়ের এক শ্রেণির কর্মকর্তা মুক্তিযোদ্ধাদের নানাভাবে হয়রানি করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে। সদ্য প্রকাশিত মুক্তিযোদ্ধা ডাটাবেজে নানা ভুলের কারণে অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা চিন্তা করে মুক্তিযোদ্ধারা শংকিত হয়ে পড়েছে। মুক্তিযোদ্ধা আবু বক্কার মাস্টার বলেন, খসড়া ডাটাবেজে ভুল সংশোধনী করে পাঠানোর পরে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত তালিকায় আবারও ১৬টি ভুল বের হয়। উপজেলা কমান্ডার আলী আহম্মদ বলেন, মন্ত্রণালয় থেকে প্রকাশিত গেজেটে কারো কারো ক্ষেত্রে ২/১টি ভুল ছিল ফরম পূরণ করার সময় তা ঠিক করে দেয়া হয়। কিন্তু ডাটাবেজের খসড়া তালিকা পেয়ে আমরা হতভম্ব। প্রতিটি মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ভুল ধরা পড়েছে। আমরা ভুল সংশোধন করে পুনরায় তালিকা পাঠাচ্ছি। এরপরও যদি মন্ত্রণালয় থেকে তালিকা প্রণয়নে ভুল করা হয় তাহলে মুক্তিযোদ্ধাদের হয়রানি না কমে বরং বৃদ্ধি পাবে বলে আমরা শংকিত।