বানারীপাড়ায় স্বামীর আয়ু বাড়াতে স্বর্ণ ও টাকা খুঁইয়েছেন গৃহবধূ

বানারীপাড়ায় অভিনব প্রতারণার মাধ্যমে বন্দর বাজারের কাপড় ব্যবসায়ী সবুর হোসেনের স্ত্রীর কাছ থেকে সোয়া ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ আড়াই হাজার টাকা হাতিয়ে নিয়েছে দুই প্রতারক। পারিবারিক সূত্রে জানা গেছে বুধবার সকালে উপজেলার মহিষাপোতা গ্রামে ব্যবসায়ী সবুর হোসেনের বাড়িতে মোটর সাইকেলে দাড়ি-টুপিওয়ালা দুই ব্যক্তি এসে স্ত্রী খালেদা বেগমকে জানায়- তার স্বামী সবুর হোসেনের আয়ু শেষ পর্যায়ে, তাকে বাঁচাতে তদবির প্রয়োজন। ওই কথায় বিশ্বাস করে সে স্বামীর আয়ু বাড়াতে তাদের কাছ থেকে পানি পড়া তদবির নেয়। তদবিরের হাদিয়া হিসাবে সোয়া ৪ ভরি ওজনের স্বর্ণের নেকলেস ও নগদ আড়াই হাজার টাকা নিয়ে তারা চম্পট দেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।