কর্মসৃজন প্রকল্পের ১ম পর্যায় শেষ
নাগেশ্বরীতে আবারও
বেকার হলেন
৭ হাজার অতিদরিদ্র
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০১ মার্চ ২০১৩, ২০:৪৩
নাগেশ্বরীতে কর্মসৃজন প্রকল্পের ১ম পর্যায়ের কাজ শেষ। আবারও বেকার হলেন প্রায় ৭ হাজার অতিদরিদ্র। তারা সরকারের কাছে আবেদন করেছেন আবারো চালু করা হোক এ কর্মসূচি। জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচির ১ম পর্যায়ে উপজেলার ১৪টি ইউনিয়নে ৬২ প্রকল্পের বিপরীতে মোট ৫ হাজার ৬৯৩ জন সুবিধাভোগী ৪০দিন কাজ করে। এর মধ্যে রামখানা ইউনিয়নে ৭ প্রকল্পে ৭৭৬ জন, রায়গঞ্জে ৩ প্রকল্পে ৪০৯ জন, বামনডাঙ্গায় ৫ প্রকল্পে ৩৭১ জন, বেরুবাড়ীতে ৫ প্রকল্পে ৩৭৯ জন, সন্তোষপুরে ৫ প্রকল্পে ৪১৭ জন, নেওয়াশীতে ৩ প্রকল্পে ৩৮৫ জন, হাসনাবাদে ৫ প্রকল্পে ৩৫৭ জন, ভিতরবন্দে ৩ প্রকল্পে ৩৭৪ জন, কালীগঞ্জে ৫ প্রকল্পে ৩৬৩ জন, নুনখাওয়ায় ৪ প্রকল্পে ৪৩৫ জন, নারায়ণপুরে ৪ প্রকল্পে ৭২১ জন, বল্লভেরখাসে ৩ প্রকল্পে ৫৩০ জন, কেদারে ৫ প্রকল্পে ৫৩৫ জন ও কচাকাটা ইউনিয়নে ৫ প্রকল্পের বিপরীতে ৪১৪জন সুবিধাভোগী কাজ করে। প্রত্যেক সুবিধাভোগী দৈনিক ১৭৫ টাকা হিসেবে ৪০ দিন শেষে প্রকল্প শেষে তারা পায় ৭ হাজার টাকা। কর্মসূচি শেষ হওয়ায় এসব ইউনিয়নের অতিদরিদ্ররা আবারও বেকার হয়ে পড়েছে। প্রকল্প সুপারভাইজার আবু হাসনাত মিঞা জানান, দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা মানুষগুলোর জন্য ৪০দিনের কর্মসৃজন প্রকল্প অনেকটা সহায়ক ভূমিকা পালন করেছে।