লোহাগড়ায় ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে বিক্ষোভ মিছিল
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
প্রকাশ : ০১ মার্চ ২০১৩, ২০:৪৪
লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে দুস্থদের ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে স্থানীয় জনতা বিক্ষোভ মিছিল করে ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিক্ষোভকারীদের শান্ত করে চেয়ারম্যানকে উদ্ধার করে।
জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২৮৭ জন দরিদ্রের মাঝে মাথাপ্রতি ২৪ কেজি চাল দেয়ার নিয়ম থাকলেও চেয়ারম্যান ইমতিয়াজ আহম্মদ মাসুমসহ মেম্বর সেলিম শেখ, খোকন,মনি শেখ এবং ইউপি সচিব চঞ্চল দাস ১০৫জনের মধ্যে ১৫/১৬ কেজি করে চাল বিতরণ করে। চাল কম দিয়ে বাকি চাল আত্মসাতের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সকালে ৫ শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল করে ইউনিয়ন কার্যালয় ঘেরাও করে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ আহম্মেদ মাসুম বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খান জানান, চাল আত্মসাতের ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।