সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ০১ মার্চ ২০১৩, ২০:৪৪
জগন্নাথপুর উপজেলা যুবলীগের কমিটি গঠন
সুনামগঞ্জ প্রতিনিধি\ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী যুবলীগের নতুন কমিটি গঠন হয়েছে। শুক্রবার মো. কামালউদ্দিনকে আহ্বায়ক, আবুল হোসেন লালন, সাইফুল ইসলাম রিপন, বিভাস দে, মোঃ হামিদুর রহমান বাচ্চু, দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, ফখরুল ইসলাম, মাহবুবুর রহমান, মোঃ সালেহ আহমদকে যুগ্ম আহ্বায়ক করে ৪৭ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটির অনুমোদন করেন।
কাউখালীতে খেলাঘরের সম্মেলন
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা\ পিরোজপুরের কাউখালীতে সাংস্কৃতিক সংগঠন উত্তরায়ন খেলাঘর আসরের কাউখালী শাখার নবম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুক্রবার শহরের পুরাতন হাসপাতাল মাঠে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
রায়গঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা\ রায়গঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দুর্বৃত্তরা ব্যবসায়ীকে ব্যাপক মারপিট, ভাংচুর ও লুটপাট করেছে। বুধবার চান্দাইকোনা বাজারের নিকটবর্তী জাহাঙ্গীর আলমের স’ মিলে এই হামলা চালানো হয়। এব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ৬ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।
রায়পুরায় কীর্তণ শুরু
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা\ রায়পুরা থানা কেন্দ্রীয় হিন্দু মিলন মন্দিরের উদ্যোগে শুরু হয়েছে ১০দিনব্যাপী ২৭তম বার্ষিক কীর্তণ অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ। শুক্রবার ছিল এ কীর্ত্তণের ৬ষ্ঠ দিন। কেন্দ্রীয় হিন্দু মিলন মন্দিরের সাধারণ সম্পাদক সমীর কুমার রায় জানান, প্রতিবছরের ন্যায় এবছরও দেশের বিভিন্ন এলাকা থেকে আগতরা শ্রীনাম সুধা পরিবেশন করছেন।
ছাতকে ছাত্রদলের কমিটি গঠন
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা\ ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়েছে। বাকি বিল্লাহকে সভাপতি, আব্দুল হাই লিপুকে সাধারণ সম্পাদক ও রাকিব আলীকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা স্বেচ্ছাসেবকদলের ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এদিকে মতিউর রহমান রুমানকে সভাপতি, ফয়জুল আহমদ পাবেলকে সাধারণ সম্পাদক ও বাহা উদ্দিন শাহীকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
ভাঙ্গুড়ায় শিক্ষক সমাবেশ
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা\ বৃহস্পতিবার পাবনার ভাঙ্গুড়া মুক্তিযোদ্ধা হোসেন আলী অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা - ৩ এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন। উপজেলা চেয়ারম্যান মো. বাকি বিল্লাহর সভাপতিত্বে চাকরি বিধি মানা ও শ্রেণিতে পাঠদানে আরো বেশি মনযোগী হবার তাগিদ দিয়ে সমাবেশে বক্তব্য দেন ইউএনও মুহাম্মদ আসাদুল হক।
সৈয়দপুরে ইয়াবাসহ আটক
সৈয়দপুর সংবাদদাতা \ সৈয়দপুরে ইয়াবা ও হিরোইনসহ আরমান (২৭) নামে এক মাদকসেবীকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। শহরের পাওয়ার হাউস রসুলপুর এলাকা থেকে ওই মাদকসেবীকে গ্রেফতার করা হয়।
বাঞ্ছারামপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান
বাঞ্ছারামপুর সংবাদদাতা\ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা রূপসদী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। স্কুল কমিটির সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন। বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো. মাইনউদ্দিন, সেলিম রেজা।
মেহেরপুর সরকারি মহিলা কলেজে বসন্ত বরণ
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রীদের উদ্যোগে বৃহস্পতিবার মহিলা কলেজ প্রাঙ্গণে বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহসান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রভাষক ড. গাজি রহমান, খসরু ইসলাম, আব্দুর রাজ্জাক, আব্দুর রশিদ, কাবিল উদ্দিন, ফুহাদ খান, আব্দুর রহিম, রওশন আলী, মনিরুল ইসলাম প্রমুখ।
বলদিয়া ইউনিয়ন সরগরম
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ স্বরূপকাঠি উপজেলার বলদিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদে উপ-নির্বাচনী প্রচার-প্রচারণায় এখন সরগরম। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই নির্বাচনী প্রচারণায় মুখরিত হয়ে উঠছে ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ। সর্বত্র বিরাজ করছে নির্বাচনী হাওয়া। চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে শেষ মুহূর্তে লড়াই হবে দ্বিমুখী এ অভিমত নির্বাচনী পর্যবেক্ষক মহলের।
নাসিরনগরে বাউল কল্যাণ সমিতির আত্মপ্রকাশ
নাসিরনগর সংবাদদাতা \ নাসিরনগর উপজেলা বাউল কল্যাণ সমিতির আত্মপ্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার স্থানীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও বাউল সংগীতের আয়োজন করা হয়। বাউল কল্যাণ সমিতির সভাপতি ও বেতার শিল্পী মনির হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাফিজ ইসলাম হূদয়ের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসানুল হক মাস্টার।
কাউখালীতে খেলাঘর আসরের দ্বিবার্ষিক সম্মেলন
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা\ পিরোজপুরের কাউখালীতে উওরায়ন খেলাঘর আসরের কাউখালী শাখার ৯ম দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। পুরাতন হাসপাতাল মাঠে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম সম্মেলনের উদ্বোধন করেন।
পটুয়াখালী আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
পটুয়াখালী প্রতিনিধি\ টুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট পাঁচটি পদে এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ চারটি পদে জয়লাভ করেছে। বৃহস্পতিবার আইনজীবী সমিতি মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে পিপি হারুন অর রশীদ ও মো. ওবায়দুল আলম।
নবাবগঞ্জে মাদক বিরোধী র্যালি
নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা\ আসুন সবাই মিলে এদের প্রতিহত করি এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একটি মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে শুক্রবার উপজেলার বাহা ইউনিয়নের আলগীচর পল্লী উন্নয়ন সমিতি এ র্যালির আয়োজন করে।
মেহেরপুরে ফেরোমন ফাঁদ বিতরণ
মেহেরপুর প্রতিনিধি\ মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মুজিবনগর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর প্রাঙ্গণে শুক্রবার চাষিদের মধ্যে পরিবেশবান্ধব ফেরোমন ফাঁদ বিতরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর ৩০ বছর পূর্তি উত্সব
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ সাহিত্য একাডেমীর ৩০ বছর পূর্তি উত্সব উপলক্ষে বৃহস্পতিবার একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে মিলিত হয়। অভ্যর্থনা জানান সাহিত্য একাডেমীর আহবায়ক কবি জয়দুল হোসেনসহ সদস্যবৃন্দ।
চাটমোহরে বিনামূল্যে তালুকাটা ক্যাম্প
চাটমোহর (পাবনা) সংবাদদাতা\ চাটমোহর পৌর সদরের বাসস্ট্যান্ডস্থ বন্ধন ক্লিনিকে ২ দিনব্যাপী বিনামূল্যে ঠোঁটকাটা ও তালুকাটা ক্যাম্প বৃহস্পতিবার শেষ হয়েছে। বুধবার ক্যাম্পের উদ্বোধন করেন চলনবিল উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট চিকিত্সক ডা. এমএ সাত্তার। ক্যাম্প পরিচালনা ও ব্যবস্থাপনায় ছিলেন বন্ধন ক্লিনিকের মালিক ডা. এমএ মজিদ।
রাজারহাটে ইমাম সমাবেশ
রাজারহাট সংবাদদাতা \ রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে মসজিদের ইমামদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু নূর মো. আক্তারুজ্জামান।
টঙ্গীবাড়িতে বিদ্যুত্স্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ বৃহস্পতিবার টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া গ্রামে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত ও অপর ১ শ্রমিক আহত হয়েছে। নিহতরা হলো রাসেল তালুকদার (২৫) ও মো. ইউসুফ (২৪)। আহত শ্রমিক ফারুককে (২২) টঙ্গীবাড়ির একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
জামালপুর পৌরসভায় ওয়েবসাইট উদ্বোধন
জামালপুর প্রতিনিধি\ তথ্য প্রযুক্তির আধুনিকায়ন এবং সকল কাজে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পৌরবাসীকে অধিকতর সেবা প্রদানের লক্ষ্যে বৃহস্পতিবার জামালপুর পৌরসভায় ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও ওয়েনসাইট উদ্বোধন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেলওয়ার হায়দার।
উত্তরবঙ্গের সর্ববৃহত্ ধর্মীয় সমাবেশ
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা\ উপমহাদেশের প্রখ্যাত ধর্মীয় নেতা হজরত শাহ্ সুফি খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ)-এর ১৮ ফাল্গুন শনিবার হচ্ছে ওফাত দিবস। ৬১তম বাত্সরিক তাত্পর্যময় এই দিবস উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও উত্তরবঙ্গের সর্ববৃহত্ ধর্মীয় সমাবেশ হবে বলে আশা করছে বিশ্বশান্তি মঞ্জিল এনায়েতপুর দরবার শরীফ কর্তৃপক্ষ।
বরগুনায় জাতীয় শিশু পুরস্কার
বরগুনা (উত্তর) সংবাদদাতা\ বৃহস্পতিবার বরগুনায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও শিশু মৌসুমী প্রতিযোগিতা জেলা শিশু একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে। জেলার ৫টি উপজেলার শিশুরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বরগুনা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ফারুক হোসেন প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
ডোমারে নাট্য সমিতির কমিটি গঠন
ডোমার (নীলফামারী ) সংবাদদাতা \ নীলফামারীর ডোমার নাট্য সমিতির ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ডোমার নাট্য সমিতি মিলনায়তনে সমিতির সাবেক সভাপতি গোলাম মোস্তফা বাউলার সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা মো. সহিদার রহমান মানিককে সভাপতি এনায়েত হোসেন নয়ন সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস হোসেন সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে ।
জনতা পটিয়ায় মাদক ব্যবসায়িকে অস্ত্রসহ পুলিশে দিল
পটিয়া(চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামের পটিয়ায় মনজুর আলম (৩৬) নামের এক মাদক ব্যবসায়িকে অস্ত্রসহ ধরে জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তার কাছ থেকে এক রাউন্ড কার্তুজসহ একটি দেশীয় তৈরি বন্দুক (এলজি) উদ্ধার করে। বৃহস্পতিবার রাত দশটায় উপজেলার কেলিশহর ইউনিয়নের উত্তরভূর্ষি এলাকার ভট্টাচার্য দিঘি এলাকায় এ ঘটনা ঘটে।